অতীশ সেন,ডুয়ার্স : জঙ্গল থেকে বেরিয়ে চা বাগানে ঢুকে পড়া সম্বর হরিণকে জালবন্দি করে জঙ্গলেই ফেরাল বনদপ্তর৷ বুধবার সকালে হরিণটিকে ডুয়ার্সের বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগানে ছুটোছুটি করতে দেখা যায়। পার্শ্ববর্তী রেতির জঙ্গল থেকে বেড়িয়ে হরিণটি চা বাগানে ঢুকে পড়েছিল বলে জানা গিয়েছে। সকালে শ্রমিকরা চা বাগানে কাজে করার সময় হরিণটিকে দেখতে পেয়ে বাগান কর্তৃপক্ষকে জানালে, তারা বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডে খবর দেয়। হরিনটি চা বাগানে বিভিন্ন সেকশনে ছুটোছুটি করায় সেই সমস্ত এলাকায় কয়েকঘন্টার জন্য কাজ বন্ধ রাখে বাগান কর্তৃপক্ষ। বিন্নাগুড়ি স্কোয়ার্ডের বনকর্মীরা ঘন্টা তিনেকের চেস্টায় হরিণটিকে জালবন্দি করতে সক্ষম হন। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস জানান, ধরা পড়া স্ত্রী হরিণটি সম্বর প্রজাতির। হরিণটি সুস্থ থাকায় সেটিকে উদ্ধারের পর এদিনই চাপড়ামাড়ি জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
DEAR : বিন্নাগুড়ির চা বাগান থেকে উদ্ধার সম্বর হরিণ
















