আজকাল ওয়েবডেস্ক: সোমবার ভোরবেলা কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। খড়দহের কাছে ডাম্পারের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত ৩। গুরুতর আহত অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও তিনজনকে। জানা গিয়েছে, সোমবার ভোরে কাঁচরাপাড়া থেকে ঘোলা মুড়াগাছা ফিরছিলেন ছ’জন মহিলা। ভোরবেলা রাস্তা তুলনামূলক ফাঁকা থাকার জন্য বেশ দ্রুতগতিতেই গাড়ি চালাচ্ছিলেন চালক। খড়দহের কাছে হঠাৎ একটি ডাম্পার সামনে চলে আসে।

গতি নিয়ন্ত্রণ করতে না পেরে গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে ডম্পারে। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। গাড়ির অবস্থা এতটাই খারাপ যে স্থানীয় বাসিন্দারা এসে চেষ্টা করলেও দরজা খুলে যাত্রীদের বের করতে পারেনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার করে। ঘটনায় মৃত্যু হয়েছে চালক সহ দুজন মহিলার। বাকি তিনজনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।