আজকাল ওয়েবডেস্ক: আদালতের পর এবার পোস্ট অফিস। হুমকি মেল। ই-মেলে বোমা থাকার খবর পেয়ে আতঙ্ক ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মুখ্য ডাকঘরে। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ একটি মেল করে জানানো হয়, ওই অফিসের ভিতর বোমা রয়েছে। সেটি যে কোনও সময় বিস্ফোরণ হতে পারে। আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। তাঁরা অফিসে তালা ঝুলিয়ে রাস্তায় বেরিয়ে আসেন। গ্রাহকদেরও বার করে দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এসেছে বোমা নিষ্ক্রিয়কারী দলও। পুরো ভবনটির তল্লাশি নেওয়া হবে বলে জানা যাচ্ছে।
পোস্ট অফিসের আধিকারিক শুভম দত্ত জানান, "ডিভিশন অফিসে মেল আসে। সাড়ে ১২ টার মধ্য সব খালি করে দেওয়া হয়। সব কর্মী ও পাবলিককে বের করে দেওয়া হয়েছে। তাঁরা অত্যন্ত আতঙ্কিত।"
অন্যদিকে, পোস্ট অফিস এর পাসপোর্ট সেবা কেন্দ্র আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি মেল আইএসআই এর নাম করে। ঘটনার জেরে চরম আতঙ্ক বনগাঁ হেড পোস্ট অফিসে।
পোস্ট অফিসের পাসপোর্ট কেন্দ্র আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি মেল৷ বেলা বারোটা নাগাদ মেল আসতেই আতঙ্ক বনগাঁ হেড পোস্ট অফিসে ৷ দ্রুত ঘর খালি করে বাইরে বেরিয়ে পড়েন পোস্ট অফিসের কর্মীরা৷ পোস্টমাস্টার জানিয়েছেন আইএসআই এর পক্ষ থেকে একটি মেইল এসছে বেলা ১টা ১৫ নাগাদ, যে আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়া হবে কেন্দ্র৷ এই কথাই দিল্লি ডাক ভবন থেকে জানানো হয়েছে৷ মেল পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়েছে৷ কলকাতার পাশে হাওড়া জেলার মুখ্য ডাকঘরেও একই সময়ে বোমার খবর জানিয়ে ই-মেল এসেছে বলে জানা গিয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কোচবিহার জেলার বড় পোস্ট অফিসে ই-মেল মারফত বোমা বিস্ফোরণের হুমকি বার্তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মী ও পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করছে। বর্তমানে পুরো ঘটনার সত্যতা যাচাই করে দেখছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, রুবি মোড় পাসপোর্ট অফিসেও বোমাতঙ্ক। খবর পাওয়া মাত্রই ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার বোমা বিস্ফোরণের হুমকি মেল এসেছে খড়গপুর আইআইটি ক্যাম্পাসের পোস্ট অফিসেও। কর্তৃপক্ষ মেল পাওয়ার পর স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খবর পাওয়া মাত্রই কর্মী ও গ্রাহকদের বের করে দেওয়া হয়। দুপুর ২টো পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয় পরিষেবা। তল্লাশি শুরু করে পুলিশ।
