আজকাল ওয়েবডেস্ক: হাসপাতাল পরিষ্কারের নামে টাকা লুটপাটের অভিযোগ উঠল বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। অভিযোগ, হাসপাতাল পরিষ্কারের নামে ভুয়ো বিল করে টাকা আত্মসাৎ করা হত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান সরকারি টাকা আত্মসাৎ করতেই এই ধরনের ভুয়ো বিল করতেন। অভিযোগের তীর মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে।
হাসপাতাল কর্তৃপক্ষও জানিয়েছে, পঞ্চায়েতের তরফে হাসপাতাল চত্বরে কোনও কাজ করা হয়নি। তারপরেও কী করে হাসপাতাল পরিষ্কারের নামে বিল হয় সেখানেই উঠছে প্রশ্ন। সমস্ত অভিযোগই মিথ্যে বলে দাবি করেছেন বিজেপি পঞ্চায়েত প্রধান শক্তি মণ্ডল। মালদার মানিকচক ব্লকের ভুতনির চরের বিস্তীর্ণ এলাকার সঙ্গে প্লাবিত হয়েছিল ভুতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন সাধারণ মানুষ। জলস্তর কমতেই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন।
এলাকাবাসীর দাবি, ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কারের জন্য পঞ্চায়েত কর্তৃপক্ষ ৪৫ হাজার টাকার বিল দেখিয়েছে। কিন্তু আদতে কোনও কাজই হয়নি। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন গৌরাঙ্গ মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দা। ঘটনায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, ‘রাজ্য সরকারের টাকা তছনছ করছে বিজেপি প্রধান। বন্যার সময় মানুষের পাশে থাকেনি অথচ টাকা লুটপাটের উদ্দেশ্যে হাসপাতালের নামে ভুয়ো বিল করছে’।
