আজকাল ওয়েবডেস্ক: একটু দূরে ঘুরে বেড়াচ্ছে বন্যপ্রাণীরা। দেখা না গেলেও তাদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে ভালমতো। তারই মধ্যে চলছে দুর্গাপুজো। জায়গাটা ডুয়ার্সের বানারহাট ব্লকের তোতাপাড়া বনাঞ্চল। যা মরাঘাট রেঞ্জের অন্তর্গত। অরণ্য ঘেরা এই জায়গাতেই বা একেবারেই জঙ্গলের মধ্যে পূজিতা হয়ে আসছেন দেবী দূর্গা। 

 

গত ১৭ বছর ধরে তোতাপাড়া বন সুরক্ষা কমিটি আয়োজন করে এই শারদোৎসবের। বন্যপ্রাণীতে ভরা এই দুর্গম এলাকায় সন্ধ্যার পর অত্যন্ত সতর্ক হয়ে ঘর থেকে বাইরে আসেন স্থানীয়রা। এরকম একটা জায়গায় পুজো আয়োজনের মূল কারণ হল জায়গাটি লোকালয় থেকে অনেক দূরে এবং এখানকার মানুষের আর্থিক অবস্থা ভাল না হওয়ার জন্য এঁরা পূজার আনন্দ থেকে বঞ্চিত থাকেন। অথচ পুজো উপভোগ করতে অন্যত্র যাওয়াও তাঁদের পক্ষে সম্ভব নয়। 

 

বনবস্তির এই বাসিন্দারা জানিয়েছেন, আজকের দিনে পুজোর আয়োজন যথেষ্ট ব্যয়বহুল। যে খরচ তাঁদের পক্ষে সম্ভব নয়। বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা তাঁদের পাশে দাঁড়িয়েছেন বলেই তাঁরা পুজোর আয়োজন করতে পেরেছেন। তাঁদের সহযোগিতার জন্যই তাঁরা এই চারটে দিন আনন্দ উৎসবে মেতে ওঠেন। পার্শ্ববর্তী লালটেন বস্তি বা কাছাকাছি অঞ্চলের বাসিন্দারাও এই উৎসবে তাঁদের সঙ্গে মেতে ওঠেন। এবছর এই পূজায় প্রতিমার খরচ জুগিয়েছেন মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল।

 

তবে যেটুকু আনন্দ করার আছে তার সবটাই সেরে ফেলার চেষ্টা করা হয় দিনের আলোয়।‌ কারণ সূর্য ডুবলেই এলাকার দখল নিতে চলে আসে হাতি বা অন্যান্য বন্যপ্রাণীরা। সেজন্যই সন্ধ্যার পর আয়োজনের রাশ টানেন উদ্যোক্তারা। অপেক্ষা করেন পরের দিন সূর্য ওঠার জন্য।