আজকাল ওয়েবডেস্ক: ছাদ থেকে আমলকি গাছে নামতে গিয়ে বিপত্তি, দমকলের চেষ্টায় উদ্ধার ৯০ বছরের বৃদ্ধ। যৌবনের অভ্যাসই শেষ পর্যন্ত বিপদ ডেকে আনল।

বাড়ির বারান্দার গেটের চাবি অনেক চেষ্টা করেও খুঁজে না পেয়ে শেষমেশ ছাদ থেকে আমলকি গাছে নেমে আসার চেষ্টা করেছিলেন প্রায় ৯০ বছরের বৃদ্ধ যুধিষ্ঠির চক্রবর্তী। কিন্তু সফল হননি।

শেষ পর্যন্ত গাছের ডালেই আটকে পড়েন তিনি। হুলুস্থুল পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে দমকলকর্মীরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাঁকে গাছ থেকে উদ্ধার করেন।

পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের কাছারিপাড়ায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দা যুধিষ্ঠির চক্রবর্তী একসময় রাজ্য সরকারের প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের কর্মী ছিলেন।

বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত এবং পেনশন পান। তিন বছর আগে তাঁর স্ত্রী গায়ত্রীদেবীর মৃত্যু হয়েছে। তাঁদের তিন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। দুই ছেলেই কর্মসূত্রে বাইরে থাকেন।

ফলে বাড়ির দোতলায় একাই থাকেন যুধিষ্ঠিরবাবু। যদিও তাঁকে দেখাশোনার জন্য একজন আছেন। জানা গিয়েছে, রবিবার সকালে দোতলার বারান্দার গেটে তালা দেওয়া ছিল।

কিন্তু তালার চাবি খুঁজে পাচ্ছিলেন না যুধিষ্ঠিরবাবু। তখনই মনে পড়ে যায় যৌবনের স্মৃতি। তার উপর ভরসা করেই ছাদে উঠে প্যারাপিট টপকে বাড়ির পাশের আমলকি গাছ উঠে পড়েন তিনি‌।

এরপর গাছ বেয়ে নিচে নামার চেষ্টা করেন। উদ্দেশ্য ছিল একতলায় নেমে চাবিটি খুঁজে বের করা। কিন্তু ছাদের কার্নিশ ধরে গাছের ডালে বসে পড়ার পর নিচে তাকিয়ে ভয়ে আর নড়াচড়া করতে পারেননি তিনি।

কাউকে দেখতেও পাচ্ছিলেন না। বিপাকে পড়ে এরপর চিৎকার শুরু করেন তিনি। তাঁর আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাঁকে গাছের উপর দেখে সকলেই প্রথমে হকচকিয়ে যান।

দমকল বিভাগে খবর দেন প্রতিবেশীরা। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় শেষপর্যন্ত নিরাপদে তাঁকে নিচে নামিয়ে আনেন।

আর এই উদ্ধার কাজ দেখতে নিচে ভিড় জমে যায়। পরে জানা যায় চাবি খুঁজে না পেয়েই এই বিপত্তি। যা নিজের বালিশের তলায় রেখে দিয়েছিলেন ওই বৃদ্ধ।