আজকাল ওয়েবডেস্ক: দেশীয় এবং বিশ্ব বাজারের জন্য আইফোন তৈরির ছাড়পত্র পেল টাটা গ্রুপ। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর শুক্রবার এই কথা ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, আড়াই বছরের মধ্যে টাটা গ্রুপ আইফোন তৈরি শুরু করবে। ইতিমধ্যেই আইফোন তৈরির ছাড়পত্র মিলেছে উইস্ট্রনের তরফে। সেই ছাড় পত্রের পরেই এই কথা ঘোষণা করেন মন্ত্রী।

এদিন উইস্ট্রনের বোর্ড কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতে আইফোন তৈরি করার প্রথম সংস্থা হয়ে উঠছে টাটা গ্রুপ। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, স্মার্টফোন উৎপাদনের জন্য ভারত যে অত্যন্ত বিশ্বস্ত এবং প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে তা ইতিমধ্যেই পরিস্কার হয়ে গিয়েছে। ভবিষ্যতে শুধু ফোন নয় বিশ্বের ইলেকট্রনিক্স বাজারে অন্য নাম হয়ে উঠবে ভারত।