বলিউডের 'খিলাড়ি' এবার বাস্তবের সুপারহিরো! সিনেমার পর্দায় না, বাস্তব জীবনে স্টান্টম্যানদের জীবন বাঁচাতে বড় পদক্ষেপ নিলেন অক্ষয় কুমার। সারা দেশের প্রায় ৬৫০ জন স্টান্টম্যান এবং অ্যাকশন ক্রু মেম্বারকে নিজের খরচায় ও উদ্যোগে ইনসিওরেন্সের আওতায় আনলেন তিনি!
এই উদ্যোগের পেছনে আছে এক মর্মান্তিক দুর্ঘটনার রেশ। সম্প্রতি, দক্ষিণী ছবি ‘ভেট্টুভাম’-এর শুটিং চলাকালীন একটি বিপজ্জনক স্টান্ট করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বর্ষীয়ান স্টান্টম্যান এস এম রাজু। পরিচালক পা. রঞ্জিতের এই ছবিতে ছিলেন অভিনেতা আর্যাও। সেই দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: হাসপাতাল ছেড়ে সিদ্ধার্থের বাড়িতে নয়! সদ্যোজাত কন্যাকে নিয়ে কোথায় চললেন ‘নতুন মা’ কিয়ারা?
ভিডিওতে দেখা যাচ্ছে, রাজু একটি গাড়িকে র্যাম্পের ওপর দিয়ে উল্টে দেওয়ার চেষ্টা করছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আকাশে ঘুরতে ঘুরতে মাথার দিক দিয়ে পড়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য শুটিং ফ্লোরে থমথমে নীরবতা নেমে আসে। দৌড়ে গিয়ে তাঁকে উদ্ধার করা হলেও, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
এই ঘটনার পরেই স্টান্ট পারফর্মারদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করে। সেই ফাঁক পূরণেই এবার এগিয়ে এলেন অক্ষয় কুমার।
স্টান্ট কোরিওগ্রাফার বিক্রম সিং দহিয়া জানিয়েছেন, “অক্ষয় স্যারের সৌজন্যে এখন বলিউডের প্রায় ৬৫০–৭০০ জন স্টান্টম্যান ও অ্যাকশন ইউনিট সদস্যদের ইনসিওরেন্সে আনা হয়েছে। এই পলিসিতে অফ-সেট বা অন-সেট—যেখানেই দুর্ঘটনা হোক, ৫ থেকে ৫.৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাবেন তাঁরা।”
সিনেমায় অজস্র ঝুঁকিপূর্ণ দৃশ্যের নেপথ্যে যাঁরা থেকে যান অদৃশ্য হয়ে, এবার তাঁদের সুরক্ষা নিয়ে সরব হলেন অক্ষয়। বলিউডে কাজ করার স্বপ্ন শুধু পর্দার নায়কের নয়, পিছনের নায়কদেরও—এবার তাঁদের জন্যও তৈরি হচ্ছে সুরক্ষার ছায়া।
অন্যদিকে, ১৬ বছর পর পর্দায় ফের ফিরছে অক্ষয় কুমার ও সইফ আলি খানের জনপ্রিয় জুটি। তাঁরা ফিরছেন এক গা ছমছমে, দুরন্ত থ্রিলারে। ছবির নাম রাখা হয়েছে ‘হেওয়ান’। শুটিং এখনও শুরুই হয়নি, কিন্তু এরমধ্যেই এ ছবি ঘিরে গুঞ্জনের পারদ চড়ে গিয়েছে তুঙ্গে। কারণটা স্পষ্ট—পরিচালনায় রয়েছেন খ্যাতনামা পরিচালক প্রিয়দর্শন, আর ছবির নামেই লুকিয়ে রয়েছে থ্রিলারের টুইস্ট।
আরও পড়ুন: রাতের বেলায় স্ত্রী-র পা নিয়ে কী করেন রবি কিষণ? অজয় দেবগণের ‘গোপন কথা’ শুনে লজ্জায় লাল নেটপাড়া!
খবর, ছবির নাম ‘হেওয়ান’ (অর্থাৎ ‘পশু’ অথবা পশুপ্রবৃত্তি কোনও ব্যক্তি)। ছবির নামের মধ্যেই কেমন এক বিপজ্জনক গন্ধ, যা নাকি একেবারে মিলে গিয়েছে এই ছবি নিয়ে প্রিয়দর্শনের ভাবনার সঙ্গে। এক সূত্র জানিয়েছে, অনেকগুলো নাম ভেবেছিলেন টিম, কিন্তু ‘হেওয়ান’শব্দটাই সবার কাছে সবচেয়ে জোরদার মনে হয়েছে। কারণ, ছবির দুই মুখ্য চরিত্র—অক্ষয় ও সইফ যেভাবে নিজেদের চরিত্রে ঢুকছেন, তাতে এই নামটাই নাকি মানানসই।ছবির শুটিং শুরু হবে চলতি বছরের আগস্ট-এ, আর মুক্তি পাবে ২০২৬ সালের কোনও সময়ে। তবে অবশ্যি বড়পর্দায়।
তবে এবার 'হেওয়ান'-এ তাঁদের রসায়ন ঠিক কতটা বিপজ্জনক হয়ে উঠবে, তা জানতে আরও খানিকটা অপেক্ষা করতে হবে দর্শককে।
