কলকাতার ব্যস্ত রাস্তায় একদিকে যেমন ঘুরে বেড়ায় অসংখ্য পথকুকুর, তেমনই অন্যদিকে বাড়ছে পোষ্য পালনের প্রবণতা। এই দুই বাস্তবতার মাঝেই শুরু হতে চলেছে একটি নতুন ডিজিটাল সিরিজ ‘কলকাতার কুকুরছানা’। শীর্ষস্থানীয় একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে শীঘ্রই মুক্তি পেতে চলা এই অনুষ্ঠানের সঞ্চালনায় রয়েছেন অভিনেত্রী ও পশুপ্রেমী, কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জি। সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্ট পথকুকুর সংক্রান্ত সমস্যাকে মানবিকভাবে সমাধানের নির্দেশ দেওয়ার পর এই উদ্যোগকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এই সিরিজের মূল লক্ষ্য হল পথকুকুর নিয়ে শহরের মানুষের ভিন্ন মতামতকে এক জায়গায় আনা। অনুষ্ঠানে থাকবে পোষ্য মালিকদের ব্যক্তিগত গল্প, রাস্তার কুকুরদের দৈনন্দিন জীবন, পশুচিকিৎসক ও প্রশিক্ষকদের সহজ পরামর্শ এবং দায়িত্বশীলভাবে পোষ্য পালনের বার্তা। বিনোদনের পাশাপাশি সচেতনতা তৈরিই এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য।
‘কলকাতার কুকুরছানা’ কুকুর নিধনের বিরুদ্ধে কথা বলবে। এবং নির্বীজকরণ, টিকাকরণ ও পুনর্বাসনের মতো মানবিক সমাধানের উপর জোর দেবে। পশুপ্রেমী সংগঠনগুলির মতে, এই ধরনের অনুষ্ঠান মানুষের মধ্যে বোঝাপড়া বাড়াতে সাহায্য করতে পারে। যদিও পথকুকুর নিয়ে বিরক্ত শহরবাসীর একাংশ এই দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলতে পারেন।
অনন্যার এই নতুন সিরিজ মানুষের মধ্যে আলোচনা, মতবিনিময় এবং সচেতনতা বাড়ানোর একটি মাধ্যম হতে পারে বলে আশা করা হচ্ছে। পথকুকুর সমস্যার টেকসই সমাধানের পথে এই উদ্যোগ কতটা ভূমিকা রাখতে পারে, সেটাই এখন দেখার।
পরিচালক রাজর্ষি দে-র ছবি ‘সাদা রঙের পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক অনন্যার। প্রথম ছবিতেই তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকের। এরপর ‘রক্তবীজ ২’, ‘লহ গৌরাঙ্গের নাম রে’–এর মতো গুরুত্বপূর্ণ ছবিতে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে তিনি আরও দৃঢ়ভাবে জায়গা করে নেন ইন্ডাস্ট্রিতে। ছোট পর্দাতেও সমানভাবে সক্রিয় অনন্যা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় জনপ্রিয় ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’-তে তাঁর অভিনয়ও প্রশংসিত হয়েছে। অভিনয়ের জগতে নিয়মিত কাজের পাশাপাশি বাস্তব জীবনেও তিনি পরিচিত একজন নিবেদিত প্রাণপ্রেমী ও পশুকল্যাণকর্মী হিসাবে, যা তাঁকে আলাদা করে চেনায়।
