সোমবার সমাজমাধ্যমে অনুরাগীদের বিরাট চমক দিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। তাঁদের আগামী ছবি 'দেশু ৭' নিয়ে বড়সড় ঘোষণা করলেন এদিন। টলিউডের 'মেগাস্টার' ও 'লেডি সুপারস্টার' একসঙ্গে এদিন তাঁদের আগামী ছবির অগ্রিম টিকিট নিয়ে খোঁজ দিলেন। তাঁরা এদিন পোস্ট করে জানালেন ৫ ফেব্রুয়ারি 'দেশু ৭'-এর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে যাবে।
এই ঘোষণা যেমন দর্শককে উত্তেজিত করেছে, ঠিক তেমনই নজর কেড়েছে দেব-শুভশ্রীর নতুন এই পোস্টের ছবি। যে দুটি ছবি পোস্ট হয়েছে তাতে দেখা যাচ্ছে দেব শুভশ্রীকে পিছন থেকে জড়িয়ে ধরে আছেন। তাঁদের পোশাক দেখে বোঝাই যাচ্ছে কিছুদিন আগে যে লাইভে এসেছিলেন 'দেশু' জুটি সেদিন তোলা।
দু'জনকে বহু বছর পর এত সাবলীল ফটোশুটে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। পোস্টের কিছুক্ষণেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে দেব-শুভশ্রীর ছবি। তাই মন্তব্য বাক্স ভরে উঠেছে অনুরাগীদের উচ্ছ্বাসে। একজন লিখেছেন, 'এটা কি স্বপ্ন নাকি সত্যি?', একজন লেখেন, 'মেড ফর ইচ আদার', অন্য একজন আবার লেখেন, 'হাতে হাত রেখে আবারও পথ চলা শুরু তোমাদের।'
২০২৬-এর পুজোয় আসছে দেব ও শুভশ্রী গাঙ্গুলির সাত নম্বর ছবি। যার হ্যাশট্যাগ অনেকদিন আগেই তৈরি হয়েছিল, #দেশু৭। কিন্তু এই ছবির মূল বিষয়বস্তু কী হবে? দেব-শুভশ্রীকে আবার রোমান্টিক অবতারেই দর্শক দেখবেন কিনা, তা কিছুদিন আগে পর্যন্ত খোলসা ছিল না।
এদিকে, ক'দিন আগে লাইভে এসে দেব ও শুভশ্রী দু'জনেই জানান তাঁদের আগামী ছবির ঘরানা কেমন হবে। শুভশ্রীর কথায়, "একটু ঝাল-নুন-মিষ্টি থাকবে। সবরকম স্বাদ থাকবে।" দেব বলেন, "দেশু ৭ রোমান্টিক-অ্যাকশন-রিভেঞ্জ থ্রিলার ড্রামা।" দেবের কথায়, "৮-১০ জন মিলে এই ছবির চিত্রনাট্য লিখছে। মানুষকে ঠকাতে চাইছি না আমরা। আমাদের জন্য যে উন্মাদনা দর্শকের সেটা তো আশীর্বাদস্বরূপ। নাম নিয়ে এখনও চিন্তাভাবনা চলছে। মাথায় চলছে অনেককিছু। ১ বৈশাখ আবার এসব। সেদিন পুরো ছবির কাস্টিং নিয়ে ঘোষণা করব।"
