আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে মা দুর্গাকে নিরঞ্জনের পালা। দশমীর সকাল থেকেই চাপ রয়েছে শহরের গঙ্গার ঘাটগুলিতে। ছোট ছোট ঠাকুর থেকে শুরু করে বনেদি বাড়ির প্রতিমা ভাসান হচ্ছে সকাল থেকে। সেই কথা ভেবে প্রস্তুত রাখা হয়েছে কলকাতার খিদিরপুরের দহিঘাট, বাবুঘাট, আহিরীটোলা ঘাট, কুমোরটুলি, বাজাকদমতলা ঘাটে যেখানে বেশি পরিমাণ বিসর্জন হতে পারে। ক্রেন, লাইফবোট-সহ পর্যাপ্ত আলো ও বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে। প্রতিমা গঙ্গার জলে পড়ার পরেই যাতে ক্রেন দিয়ে তা তুলে ফেলা যায় সেই ব্যবস্থা করা হয়েছে। কোনোভাবে যাতে গঙ্গার জল দূষণ না হয় সেই দিকেও নজর রাখতে বলা হয়েছে। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, বড় ঘাট ছাড়া ছোট পুকুরেও নিরঞ্জন করা যাবে প্রতিমা। সেই প্রস্তুতিও করা হয়েছে পুরসভার তরফে।