আজকাল ওয়েবডেস্ক: উত্তর ভারতে শীতের কামড়। আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে শীতের পাশাপাশি ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে গোটা উত্তর ভারত। পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের বেশ কিছুটা অংশে কুয়াশার প্রভাব থাকবে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা বিঘ্নিত হচ্ছে উত্তর ভারত জুড়ে। কুয়াশার জেরে রাস্তায় যানবাহনের চলাচল ধীরে করা হয়েছে। বিমান চলাচল থেকে শুরু করে ট্রেন চলাচলেও বেশ খানিকটা বিঘ্ন হয়েছে। উত্তর ভারতে এই সময় প্রতি বছরেই শীতের প্রভাব থাকে। তবে অন্যবারের তুলনায় এবারে কুয়াশার প্রভাব অনেক বেশি রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন ধরে এই পরিস্থিতি চলবে বলে জানা গিয়েছে। রাস্তায় চলা প্রতিটি গাড়িতেই যাতে ফগ লাইট থাকে সেদিকে জোর দেওয়া হয়েছে।