আজকাল ওয়েবডেস্ক: রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে যোগ দিয়েছিলেন ২১৭ জন ভারতীয় সেনা। এদের মধ্যে ৪৯ জনেরই মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্র। এছাড়াও জানানো হয়েছে যে, রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া ছ'জন ভারতীয়ের এখনও কোনও খোঁজ নেই। কেন্দ্রের দাবি, ১৩৯ জনকে কূটনৈতিক হস্তক্ষেপে চুক্তিবদ্ধ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অভিযোগ যে, মোটা বেতনের টোপ দিয়ে এইসব ভারতীয়দের রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। তারপর এদের বাধ্য করা হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিতে। রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের দেশে ফেরানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারও উদাসীন বলে তোপ দাগে অনেকে। এরপর বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। সেই মামলারই শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলিকে নিয়ে গঠিত বেঞ্চে।
সেই শুনানিতেই কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানান, এখনও পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর নিশ্চিৎ। বাকি তথ্য যাচাইয়ের কাজ চলছে। ভারতীয় দূতাবাস রাশিয়া সরকারের সঙ্গে যোগাযোগ রেখেচে। ভারত সরকার জীবিত সকলকে নিরাপদে ভারতে ফেরাতে উদ্যোগী।
রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দেওয়া ভারতীয়দের অতিরিক্ত বেতনের টোপ দেখানোর বিষয়েঅতিরিক্ত সলিসিটর জেনারেল শীর্ষ আদালতে জানান, আকর্ষণীয় বেতন-সহ নানা সুবিধা দেখেই বেশ কয়েকজন ভারতীয় স্বেচ্ছায় রুশ সেনাবাহিনীতে যোগদানের চুক্তিতে সই করেছিলেন।
কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, দুই ভারতীয় পড়ুয়া মাদক মামলায় ফেঁসে জেল খাটছিলেন। পরে তাঁরা রুশ সেনাবাহিনীতে যোগ দেন। ভারত সরকারের হস্তক্ষেপে কিশোরকে সশস্ত্র বাহিনী থেকে বার করে আনা হয়েছে। তবে সাহিল ইউক্রেনের কাছে আত্মসমর্পণ করেছেন।















