আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহ শেষে ছুটির কাটিয়ে সোমবারই ব্যাঙ্কে যাবেন ভাবছেন? কিন্তু জানেন সপ্তাহজুড়ে লাগাতার ছুটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই-তে? দেশের বিভিন্ন প্রান্তে এসবিআই-এর একাধিক শাখায় ছুটি থাকবে। মাসের শেষ সপ্তাহ জুড়ে একটানা ছুটিতে ব্যাঙ্কে গিয়ে কাজের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। তবে ব্যাঙ্কের সংশ্লিষ্ট শাখায় কাজ না হলেও অনলাইন পরিষেবা স্বাভাবিক থাকবে বলেই জানা গিয়েছে।

 

সপ্তাহান্তের বরাদ্দ ছুটির কথা সকলেরই জানা। নতুন সপ্তাহের শুরুতেও ইদুজ্জোহার মতো সরকারি ছুটি উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। টানা ছ'দিন এসবিআই-এর বিভিন্ন শাখায় কোনও কাজ হবে না। 

 

নির্ধারিত ছুটির দিনগুলি ছাড়াও অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন বা এআইএসবিআইএসএফ-এর ডাকা ধর্মঘটে সাড়া দিয়ে এসবিআই-এর বিভিন্ন শাখা বন্ধ থাকবে। জানা গিয়েছে, ব্যাঙ্ক কর্মীদের বহুদিনের বেশ কিছু অমীমাংসিত দাবি আদায়ের জন্যই এই ধর্মঘটের ডাক। এর মধ্যে অন্যতম দাবি, ন্যাশনাল পেনশন স্কিমের বা এনপিএস-এর আওতায় পেনশন ম্যানেজার বাছার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিতে হবে কর্মীদের। পেনশন-সংক্রান্ত সুবিধাতে সমতা বজায়, শূন্যপদ পূরণ করতে কর্মী নিয়োগ, কাজের চাপ কমানো, পদোন্নতি সংক্রান্ত নীতি, বদলি নীতি, অবসরকালীন সুবিধা, চাকরির নিরাপত্তা, কর্মচারী কল্যাণের মতো চাকরির বাকি শর্তাবলিও আরও উন্নত করতে হবে বলে দাবি ব্যাঙ্ক ইউনিয়নের।

 

রইল ছুটির তালিকা

 

২৩ মে (শনিবার): ব্যাঙ্কের নিয়ম মেনেই মাসের চতুর্থ শনিবার বন্ধ থাকে বিভিন্ন শাখা। সেই মতোই শনিবার বন্ধ ছিল ব্যাঙ্ক।

 

২৪ মে (রবিবার): বেশিরভাগ সরকারি-বেসরকারি অফিসের মতোই রবিবার সাপ্তাহিক ছুটির দিন ব্যাঙ্কে।

 

২৫ এবং ২৬ মে (সোমবার ও মঙ্গলবার): দেশজুড়ে এসবিআই স্টাফ ফেডারেশনের তরফে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তাই ওই দু'দিন ব্যাঙ্কের বিভিন্ন শাখা বন্ধ থাকবে।

 

২৭ এবং ২৮ মে (বুধ এবং বৃহস্পতিবার): ইদুজ্জোহা বা কুরবানির ইদ উপলক্ষ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র নিয়মমাফিক সরকারি ছুটি থাকবে ব্যাঙ্কে। দেশে জম্মু ও কাশ্মীরে এসবিআই-এর শাখাগুলিতে দু'দিনই ছুটি দেওয়া হবে। তবে দেশের অন্যান্য প্রান্তে থাকবে একদিন ছুটি। কোনও জায়গায় ২৭ মে আবার কোথাও ২৮ মে ইদের ছুটি থাকবে।

 

কোন পরিষেবা চালু?

 

ডিজিটাল বা অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা একেবারে স্বাভাবিক থাকবে বলেই জানা গিয়েছে। ফলে গ্রাহকেরা অনলাইন ব্যাঙ্কিং বা ইউপিআই-এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন। পাশাপাশি, এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না।