আজকাল ওয়েবডেস্ক: বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে খাস কলকাতার জোড়াবাগান থানার অন্তর্গত পোস্তা পেট্রোল পাম্পের কাছে ২৭ মহর্ষি দেবেন্দ্র নাথ রোডে। যুবকের নাম রাহুল দুবে, বয়স ৩৫। ঠিক কী ঘটেছিল? স্থানীয় সূত্রে খবর, কলকাতা পুরসভার জলের কল থেকে টুলু পাম্পের মাধ্যমে জলের সংযোগ নিতে গিয়ে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, বাড়ির ভেতরের কলগুলিতে আচমকা নোংরা জল আসায়, সমাধান রূপে নিজেদের পাইপ থেকে জল নিতে নিষেধ করা হয় রাহুলের বাড়ির বাসিন্দাদের। আপাতত কলকাতা পুরসভার ফুটপাতের জলের কল থেকে জল নেওয়ার জন্য তাঁদের বলা হয়। শুক্রবার টুলু পাম্প চালিয়ে জল নেওয়ার ব্যবস্থা করার জন্য সুইচ বোর্ড অন করতে গিয়েই বিদ্যুৎপৃষ্ট হন রাহুল। স্থানীয়রা জানিয়েছন, রাহুল মূলত উত্তরপ্রদেশের বাসিন্দা। মাস তিনেক আগে ওই বাড়িতে ভাড়া নিয়ে আসেন তিনি। তাঁর দুই কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান রয়েছে। প্রত্যেকের বয়স দুই থেকে আট বছরের মধ্যে।
Death: বিদ্যুস্পৃষ্ট হয়ে জোড়াবাগানে মৃত্যু যুবকের
















