আজকাল ওয়েবডেস্ক: বছরের শেষ দিনগুলিতেও রক্তপাত, যুদ্ধ, মৃত্যু আর হাহাকার। গাজা উপত্যকার রাফাহ শহরের একটি আবাসিক ভবনে ইজরায়েলি বোমা হামলায় মহিলা ও শিশু সহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাফাহ শহরের কুয়েত স্পেশালিটি হাসপাতালের কাছে আবাসিক ভবনে এই হামলা চালায় ইজরায়েলি বাহিনী। ইজরায়েলি ওই বিমান হামলায় আবাসিক বাড়িটি সম্পূর্ণরূপে মাটিতে মিশে গেছে। চলছে উদ্ধারকার্য। অন্যদিকে, প্যালেস্টাইনের গাজা উপত্যকায় টানা আড়াই মাসেরও বেশি সময় ধরে চলা ইজরায়েল-হামাস যুদ্ধের গাজায় দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট।। যুদ্ধে ধ্বংস হয়েছে ওই উপত্যকার বহু সংখ্যক স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা ও হাসপাতাল। মানবিক সংকট এতটাই প্রকট যে, ভূখণ্ডটির প্রায় ৪০ শতাংশ মানুষ ‘দুর্ভিক্ষের ঝুঁকিতে’ রয়েছে বলে জানিয়েছে ইউএনআরডব্লিউএ। প্যালেস্টাইনি উদ্বাস্তুদের জন্য রাষ্ট্রসংঘের এই সংস্থা সতর্ক করে জানিয়েছে, ইজরায়েলি নিষেধাজ্ঞার মধ্যে অবরুদ্ধ গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করছে না এবং এতে করে গাজার মোট জনসংখ্যার ৪০ শতাংশ ‘দুর্ভিক্ষের ঝুঁকিতে’ পড়েছে।