আজকাল ওয়েবডেস্ক: মেরিল্যান্ডের বেথেসডার ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে শিশুটির জন্ম হয়। ‘এক্স’ পোস্টের মাধ্যমে ভ্যান্স জানান, "উষা ও শিশুটি সুস্থ ও ভাল আছে এবং আমাদের অন্য সন্তানরা তাদের ছোট ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত।" ওয়াল্টার রিড ও হোয়াইট হাউস মেডিকেল ইউনিটের চিকিৎসক ও কর্মীদের তাঁদের সেবার জন্য ধন্যবাদ জানিয়েছেন ভ্যান্স।

ভাইস-পের্সিডেব্ট জেডি ভ্যান্সের সন্তান হওয়ার বিষয়টি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ গত ১৫০ বছরেরও বেশি সময়ে এই প্রথম  মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে থাকাকালীন কেউ বাবা হলেন।

ছয় সদস্যের পরিবার
জেডি ও ঊষা ভ্যান্সের এর আগে তিন সন্তান রয়েছে। ২০১৭ সালে ইওয়ান, ২০২০-তে  বিবেক এবং ২০২১ সালে এই দপ্তির কোল আলো করে আসে মিরাবেল।

ওহাইও-র বাসিন্দা জেডি ভ্যান্সের সঙ্গে ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান ঊষার পরিচয় হয়েছিল ইয়েল ল স্কুলে পড়ার সময়। ২০১৩ সালে তাঁরা দু'জনেই স্নাতক সম্পন্ন করেন এবং পরের বছর এক আন্তঃধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়ে একজন হিন্দু পুরোহিত ও একজন ক্যাথলিক যাজক দিয়েছিলেন। 

চতুর্থ সন্তানের জন্য উষাকে যেভাবে রাজি করিয়েছিলেন ভ্যান্স
চলতি বছরের শুরুর দিকে মিশিগানে হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে ভ্যান্স চতুর্থ সন্তান নেওয়ার বিষয়ে ঊষাকে রাজি করানোর একটি মজার ঘটনা শেয়ার করেছিলেন।

ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগের কথোপকথন স্মরণ করে ভ্যান্স বলেন, "আমি ঊষাকে বলেছিলাম, 'প্রিয়, আমি সত্যিই চতুর্থ একটি সন্তান চাই। সে উত্তরে বলেছিল, 'ঠিক আছে, তবে তুমি হয় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হতে পারবে, নয়তো চতুর্থ সন্তানের বাবা হতে পারবে। দু'টো একসঙ্গে সম্ভব নয়।'"

হাসিমুখে তিনি আরও যোগ করেন, "আমি নিজের ইচ্ছামতো কাজ করিয়ে নিতে বেশ পটু, কারণ আজ আমার কাছে দু'টোই আছে।"

ভারতীয় বংশোদ্ভূত শ্বশুরবাড়ির সদস্যদের প্রশংসা
ভ্যান্স প্রায়ই তাঁর ভারতীয় বংশোদ্ভূত শ্বশুরবাড়ির সদস্যদের সম্পর্কে সুখ্যাতি করেন। চলতি বছরের শুরুর দিকে একটি অনুষ্ঠানে কথা বলার সময় তিনি অভিবাসীদের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করার একটি উদাহরণ তুলে ধরেন। সেখানে নিজের শ্বশুরবাড়ির কথা তুলেছিলেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন যে, মার্কিন নাগরিক হওয়ার পাশাপাশি আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার দায়িত্বও পালন করতে হয়। ভারতীয় বংশোদ্ভূত এক শ্রোতার প্রশ্নের জবাবে ভ্যান্স বলেছিলেন, "আমি ভারত থেকে আসা অভিবাসীদের এক কন্যাকে বিয়ে করেছি। আমি আমার শ্বশুরবাড়ির লোকজনকে খুব পছন্দ করি। তাঁরা চমৎকার মানুষ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়নে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।"