আজকাল ওয়েবডেস্ক: জন এবং মেলোডি হেনেসি তাঁদের বাকি জীবন সমুদ্রে কাটানোর পরিকল্পনা করেছেন। চিন্তাধারাটি অভিনব হলেও বেশ ব্যয়বহুল। ফ্লোরিডার এই দম্পতি তিন বছর আগে তাদের মূল ব্যবসা এবং তাঁদের বাড়িসহ তাঁদের মালিকানাধীন প্রায় সবকিছু বিক্রি করে দেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওই দম্পতি তিন বছর আগে তাদের সব সম্পদ বিক্রি করে দিয়ে তাঁদের বিশ্বভ্রমণ শুরু করেন। মেলোডি হেনেসি ও জন দম্পতি জানান, "স্থলে বাস করার চেয়ে সমুদ্র ভ্রমণ অনেক সাশ্রয়ী ও আনন্দদায়ক। এজন্য ২০২০ সালে বাড়ি, ব্যবসা এবং সম্পদ বিক্রি করে বিশ্ব ভ্রমণে নেমেছি"।
এই দম্পতি শুরুতে একটি গাড়ি কিনে ভ্রমণ শুরু করেন। কিন্তু কিছুদিন যেতেই তাঁরা বুঝতে পারেন গাড়ি দিয়ে স্থলপথে ভ্রমণ বেশ ক্লান্তিদায়ক। তাই ধীরে ধীরে ভাবতে থাকেন অন্য কোনও বিকল্প পথ। এর মধ্যেই একদিন চোখে পড়ে একটি রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজের ৯ মাস ভ্রমণের একটি ফেসবুক বিজ্ঞাপন। সেই থেকে এখন পর্যন্ত এই দম্পতি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অংশে ভ্রমণ করেছেন। এখন আছেন ডোমিনিকান প্রজাতন্ত্রের চারপাশে।
মেলোডি হেনেসি জানান, আমাদের আগের জীবনের চেয়ে এখনকার মুক্ত সমুদ্রের জীবন অনেক কম খরুচ আর আনন্দদায়ক। কিছু টেলিফোন বিল, একটি শিপিং বিল এবং কিছু ক্রেডিট কার্ডের বিল ছাড়া আর তেমন কোনও খরচ নেই। খরচ এতটাই কমে গিয়েছে, যা আমাদের বাৎসরিক খরচের প্রায় অর্ধেক"। হেনেসি জানান, আগে বাৎসরিক খরচ হতো প্রায় ৫৪ হাজার মার্কিন ডলার যা এখন অর্ধেক কমে প্রায় ২৭ হাজার ডলারে নেমে এসেছে।