সংবাদসংস্থা মুম্বই: আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...।

 

 

প্রয়াত বিক্রম গায়কোয়াড

 

প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ দাদারের শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাঁর। ‘কাশিনাথ ভানেকর’, ‘থাগস অফ হিন্দুস্তান’, ‘শহীদ ভগৎ সিং’, ‘দঙ্গল’, ‘জনতা রাজা’র মতো ছবিতে রূপসজ্জা শিল্পী হিসাবে কাজ করেছেন তিনি। যদিও এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন বিনোদন জগতের তারকারা।

 

 

যুদ্ধবিরতিতে রবিনার হুঁশিয়ারি 

 

 

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি প্রসঙ্গে সমাজ মাধ্যমে রবিনা ট্যান্ডন লেখেন, "যদি এটা সত্যি হয়, তাহলে ভাল সিদ্ধান্ত। কিন্তু ভুল করো না, যেদিন ভারতে আবার রক্তপাত ঘটাবে, সেদিন আবারও যুদ্ধ হবে। নরকের থেকেও ভয়ঙ্কর হবে সেদিনের পরিস্থিতি।"

 

 

ঈশানের 'শার্টলেস' শর্ত! 

 

 

সদ্যই ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এ মুক্তি পেয়েছে 'দ্য রয়ালস'। এই সিরিজে প্রথমবার ভূমি পেদনেকরের বিপরীতে দেখা গিয়েছে ঈশান খট্টরকে। সিরিজের বেশকিছু দৃশ্যে তাঁকে 'শার্টলেস' হতে হয়েছে। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ঈশান প্রায় মজার ছলেই জানান, প্রতিবার শার্টলেস হওয়ার জন্য তিনি বেশি পারিশ্রমিক আদায় করেন।