মালাইকা অরোরা প্রায়ই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়েন। যদিও তাতে তিনি মোটেই বিচলিত হন না। তিনি সাফ জানিয়েছেন যে, জীবন এবং সম্পর্কের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি আজও প্রতিনিয়ত বদলাচ্ছে।
সম্প্রতি তিনি তাঁর ছেলে আরহান খান সম্পর্কেও কথা বলেছেন এবং জানিয়েছেন কীভাবে ছেলের ভাবনাচিন্তা মাঝেমধ্যেই তাঁকে অবাক করে দেয়। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা বলেন: “ও আমাকে বলল, ‘মা, আমি বিয়ে করছি না, বুঝলে? তাই তোমার নাতি-নাতনি হবে, এই আশা একদম ছেড়ে দাও।’ আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? ও বলল, ‘আমি কেন এমন একটা পৃথিবীতে বাচ্চা নিয়ে আসব যেখানে বাতাসের মান (একিউআই) ৫০০ কি ১০০০? কেন আমি এটা করতে যাব?’ আমাদের মধ্যে এই কথোপকথন অনেকক্ষণ চলল। ও যখন এটা বলল, আমি বললাম, তুমি কি পাগল হয়েছো? আমি তো বলে দিয়েছি, আরহানকে জীবনের সব অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে হবেই।”

মালাইকার ছেলের এই দৃষ্টিভঙ্গিও এখন টিনসেল টাউনের চর্চায় রয়েছে। একা মা হিসেবে মালাইকা এখন স্বাধীন জীবন উপভোগ করছেন। নতুন কিছু শুরু করা এবং নিজের শর্তে বেঁচে থাকাটাই এখন তাঁর প্রধান লক্ষ্য। মাঝেমধ্যেই অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়ে যায় অনেকের। যদিও মালাইকা এখনও পর্যন্ত তাঁর প্রেম জীবন নিয়ে মুখ খোলেননি। গুঞ্জন নিয়ে একেবারেই ভাবতে নারাজ তিনি। বরং ছেলে আরহানও যে মায়ের সম্পর্কে এমন গুঞ্জন দেখলে মজা পায়, সেটাও একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মালাইকা।