আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...।

'বারাণসী'র সঙ্গে মিশবে রামায়ণ?

এস এস রাজামৌলি মানেই পর্দায় এক মহাকাব্যিক অভিজ্ঞতা। 'বাহুবলী' এবং 'আরআরআর'-এর চূড়ান্ত খ্যাতির পর এবার ভারতীয় পুরাণ আর আধুনিক কল্পবিজ্ঞানের এক সংমিশ্রণ নিয়ে আসছেন পরিচালক। ছবির নাম ‘বারাণসী’। ছবির প্রযোজক এস এস কার্তিকেয় এমন এক তথ্য ফাঁস করেছেন, যা শুনে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিনোদন জগতে।কার্তিকেয় জানিয়েছেন, এই ছবিতে প্রায় ২০ মিনিটের একটি বিশেষ সিকোয়েন্স থাকবে যা সরাসরি রামায়ণের প্রেক্ষাপটে তৈরি। তবে এটি কেবল ধর্মীয় কাহিনী নয়, বরং ভারতীয় সংস্কৃতির মূল্যবোধকেও তুলে ধরবে। ছবিতে মহেশ বাবু অভিনয় করছেন ‘রুদ্র’ চরিত্রে। তাঁর সঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে, তাঁর চরিত্রের নাম ‘মন্দাকিনী’। খলনায়কের ভূমিকায় থাকছেন দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারন।

রিতেশের অনুরোধ 

অভিনেতা রিতেশ দেশমুখের বহুপ্রতীক্ষিত ছবি 'রাজা শিবাজী' বড়পর্দায় মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। ছত্রপতি শিবাজী মহারাজের বীরত্বগাথা পর্দায় ফুটিয়ে তুলতে কোনও খামতি রিতেশ। সম্প্রতি প্রেক্ষাগৃহে দর্শকদের আবেগঘন প্রতিক্রিয়া দেখে রীতিমতো চোখের জল ধরে রাখতে পারলেন না এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, রিতেশ যখন দর্শকদের প্রতিক্রিয়া দেখছেন, তখন তাঁর চোখ ভিজে উঠেছে। অনুরাগীদের এমন অকৃত্রিম ভালবাসায় অভিভূত। তবে এই খুশির মাঝেই একটি বিশেষ অনুরোধ রেখেছেন অভিনেতা। তিনি হাতজোড় করে দর্শকদের কাছে আর্জি জানিয়েছেন যেন সিনেমা হলের ভিতর থেকে কোনও গুরুত্বপূর্ণ দৃশ্য বা ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড না করা হয়। যাতে ছবি দেখার আগেই কেউ স্পয়লার না পেয়ে যান, সেই দিকে নজর রাখতে অনুরোধ করেছেন রিতেশ। 

৫০ কোটির বাংলো কিনলেন অর্চনা 

মুম্বইয়ের বিলাসবহুল মাধ আইল্যান্ডে নতুন বাংলো কিনছেন 'দ্য কপিল শর্মা শো' খ্যাত অভিনেত্রী অর্চনা পূরণ সিং। তাঁর এই নতুন সম্পত্তির বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। তবে এত বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে অভিনেত্রী নিজে কিছুটা দ্বিধাগ্রস্ত। তাঁর কথায়, "আমি নিশ্চিত নই আমরা শেষ পর্যন্ত এটা সামলাতে পারব কি না, তবে চেষ্টা করছি।" দীর্ঘদিন ধরেই বলিউডের অন্যতম সফল এবং পরিচিত মুখ অর্চনা ও তাঁর স্বামী পরমিত শেঠি। তাঁদের বর্তমান আবাসনটিও বেশ রাজকীয়, যা প্রায়ই অর্চনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দেয়। তবে নতুন এই বাংলোর খবরটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে বেশ শোরগোল পড়ে গিয়েছে। মুম্বইয়ের কোলাহল থেকে দূরে মাধ আইল্যান্ডের শান্ত পরিবেশে থাকার পরিকল্পনা করছেন এই তারকা দম্পতি।