আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের ধাক্কা এবার পাকিস্তানের স্টক মার্কেটে। বুধবার পাকিস্তান স্টক মার্কেট হারাল ৬৫০০ পয়েন্ট। এরপর সেখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি।
এদিন বাজার খুলতেই পাকিস্তানের বিনিয়োগকারীদের মধ্যে ভয়ের পরিবেশ দেখা যায়। তারা কোন পথে দ্রুত নিজেদের টাকা ফেরত নেবেন সেজন্য তাড়া লেগে যায়। ফলে একধাক্কায় ৬৫৬০.৮২ পয়েন্ট নিচের দিকে চলে যায় শেয়ার বাজার। একধাক্কায় নামে ৫.৭৮ শতাংশ।
এমনিতেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির জেরে ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি। তারপর যেদিন থেকে পহেলগাঁওতে হামলা হয়েছে সেদিন থেকেই পাকিস্তানের অর্থনীতি একেবারে বেসামাল। কয়েকদিন আগে পাকিস্তান স্টক এক্সচেঞ্জের পোর্টালে এমন ধস নামে যে সেটিকে প্রাথমিকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয় সেখানকার কর্তারা। আর অপারেশন সিঁদুরের পর যেন আরও বেহাল অবস্থা পাকিস্তান শেয়ার মার্কেটের।
বুধবার রাতের এই হামলায় ইতিমধ্যে ৮০ থেকে ৯০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। তার পাশাপাশি ২৬ জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু ঘটেছে। পাঞ্জাব প্রদেশে যে চারটি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনী টার্গেট করেছিল সেগুলি হল মারকাজ সুভান আল্লাহ, মারকাজ তৈবা, মেহমোনা জয়া এবং সারজাল ক্যাম্প।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটিতে চরম আঘাত হানল ভারতের প্রতিরক্ষা বাহিনী। মধ্যরাতে 'অপারেশন সিঁদুর'-এর মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন'টি জায়গায় জঙ্গি ঘাঁটি উড়িয়ে জঙ্গি হামলার পাল্টা জবাব দিল ভারত।
অন্যদিকে ইসলামাবাদের তরফে জানানো হয়েছে, ভারতের হামলায় ২৬ জন পাকিস্তানি নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৪৬ জন। এই হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, ভারতের এই আক্রমণের 'যোগ্য জবাব' দেবেন তাঁরা।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণে বেছে বেছে পুরুষ পর্যটকদের গুলি করে হত্যা করে জঙ্গিরা। সেই ঘটনার ১৫ দিনের মাথায় পাকিস্তানে ভারতের প্রত্যাঘাত 'অপারেশন সিঁদুর'। গভীর রাতের অন্ধকারেই জঙ্গি ঘাঁটি উড়িয়ে যোগ্য জবাব দিল ভারত।















