আজকাল ওয়েবডেস্ক: চাকরির দাবিতে আন্দোলন এবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাড়ায়। হাজরায় চলছিল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের কর্মসূচি। সেখান থেকে আচমকা মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে পৌঁছে যান তাঁরা। শুরু হয় অবস্থান বিক্ষোভ। অবস্থানকারীদের বেশিরভাই ছিলেন মহিলা। নিয়োগ চেয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশ গিয়ে সেখান থেকে তাঁদের প্রিজন ভ্যানে করে নিয়ে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, জোর করে তাঁদের প্রিজন ভ্যানে তোলা হয়েছে। চ্যাংদোলা করে তুলে ভ্যানে চাপিয়ে নিয়ে যাওয়া হয় লালবাজারে। শহীদ মিনারে মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে এক বছরের বেশি সময় ধরে চাকরির দাবিতে আন্দোলন করছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। আন্দোলনের ৫৫৫ তম দিনে হাজরায় পূর্বঘোষিত কর্মসূচি ছিল। কর্মসূচির ফাঁকে চাকরিপ্রার্থীরা পৌঁছে যান মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে।