আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিপ্রিয়র ঘরে আর লাগানো যাবে না সিসিটিভি ক্যামেরা। ঘরের ভেতরে কোনও সিসিটিভি থাকবে না। পরিবর্তে গতিবিধির ওপর নজর রাখতে প্রাক্তন খাদ্যমন্ত্রী ঘরের বাইরে থাকবে সিআরপিএফ। তারাই লক্ষ্য রাখবে জ্যোতিপ্রিয়র ঘরে কারা আসছেন, না আসছেন সেই বিষয়ে। সঙ্গে থাকবে রেজিস্টার খাতা, সেখানে লিখে রাখা হবে তাঁদের নাম। শুক্রবার তেমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর ওপর সর্বক্ষণ নজর রাখতেই হাসপাতাল কক্ষে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি জানিয়েছিল ইডি। ইডির আর্জিতে অনুমতি দিয়েছিল আলিপুর আদালত। তাতেই আপত্তি তোলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। তাঁর অভিযোগ ছিল ঘরের মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকলে খর্ব হচ্ছে গোপনীয়তা। অভিযোগ নিয়েই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এই মামলায় উচ্চ আদালত নির্দেশ দিয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, জ্যোতিপ্রিয়র ঘরে রাখা যাবে না সিসিটিভি। বদলে তাঁর গতিবিধির ওপর নজর রাখতে হাসপাতাল কক্ষের বাইরে থাকবে সিআরপিএফ।
জ্যোতিপ্রিয়র ঘরে সিসিটিভি নয়, নির্দেশ আদালতের
















