নিজস্ব সংবাদদাতা: প্রেমের মাস পড়তে না পড়তেই টলিউডে নতুন প্রেমের গুঞ্জন! যদিও প্রেম নয়, নিজেদের সম্পর্ককে আপাতত বন্ধুত্ব বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন সায়ন মুখোপাধ্যায় এবং মিলি চক্রবর্তী। প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে টলিপাড়ার এই জুটিকে।
বর্তমানে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিক নিয়ে ব্যস্ত মিলি চক্রবর্তী। তবে তার মাঝেও বন্ধু সায়নের সঙ্গে ভালই সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সায়নকে শেষবার সান বাংলার 'রূপ সাগরে মনের মানুষ' ধারাবাহিকে দেখা গেছিল। আপাতত নতুন ধারাবাহিক এবং নতুন চরিত্রের জন্য অপেক্ষা করছেন অভিনেতা। তবে এসব কিছুর মাঝে বিশেষ বন্ধুর সঙ্গে ভালই সময় কাটাচ্ছেন তিনি।
সরস্বতী পুজোর দিন সায়ন এবং মিলিকে একই রঙের পোশাকে দেখা গিয়েছিল। যদিও দুই তারকার কথায়, পুরোটাই কাকতালীয়। বন্ধুদের যদি মনের মিল না হয় তাহলে কি আর বন্ধুত্ব হয়। সেই মনের মিল থেকেই নাকি রঙের মিল। তাঁদের মধ্যে নাকি নিখাদ বন্ধুত্ব, এমনটাই দাবি করেছেন সায়ন এবং মিলি। যদিও টলিপাড়ার গুঞ্জন, বন্ধুত্বের থেকেও অনেকটাই ঘনিষ্ঠ তাদের সম্পর্ক।
মিলি জানিয়েছেন, দু'জনের মধ্যে তিনি বেশি ঝামেলা করেন। তবে সায়ন বন্ধু হিসেবে খুব ভাল, দায়িত্ব নিতে জানেন, কেয়ারিং। সায়নের কথায়, মিলি খুব ভাল মনের একজন মানুষ। মন দিয়ে সায়ানের সব কথা শোনেন, খারাপ সময়ে এই বন্ধুকে ঠিক পাশে পাওয়া যায়। টলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, অনেকদিন ধরে একে অপরের পরিচিত হলেও সায়ন ও মিলির মধ্যে কিছুদিন আগে ঘনিষ্ঠতা বেড়েছে। তারপর থেকে তাঁরা প্রায়ই একসঙ্গে সময় কাটান। যদিও এই সম্পর্ক নাকি প্রেম নয়, সরাসরি এই কথা জানিয়ে দিয়েছেন সায়ন এবং মিলি।
















