নশ্বর এ জীবনে দেহান্তর হয়, থেকে যায় স্মৃতিঘেরা ছায়াপথ, সেই ছায়াপথে হাঁটতে হাঁটতে স্মৃতির সরণি জুড়ে আলো-হাসি-গান আর সঙ্গে একটুকরো বিষাদ অন্তরালে অপেক্ষমান৷ মেঘ জমে মনকোণে, স্মৃতির বারিধারা ফিরিয়ে নিয়ে যায় বছর দুই আগের এক দিনে৷ কবিতা আর গান ছিল যাঁর যাপনসঙ্গী, আন্তরিকতা এবং সৃজনশীলতা ছিল যাঁর কর্মের মূল মন্ত্র, সেই মানুষটি অমৃতলোকের পথে যাত্রা করেছেন ৭ মে ২০২৪, তিনি মৌ রায়চৌধুরী। শিক্ষা, সাহিত্য সংস্কৃতির মেলবন্ধনে তাঁর প্রতিটি কাজের মধ্যে ছিল নান্দনিকতা৷

টেকনো ইন্ডিয়া গ্রুপের এবং আজকাল পত্রিকার অন্যতম কর্ণধার মৌ রায়চৌধুরী ছিলেন সংস্থার অভিভাবক৷ আজ ৭ মে ২০২৬ মৌ রায়চৌধুরীর প্রয়াণদিবসে আয়োজন করা হয়েছে বিশেষ স্মরণ অনুষ্ঠানের৷

টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, আচার্য, 'আজকাল'-এর অন্যতম কর্ণধার, বিশিষ্ট লেখক সত্যম রায়চৌধুরীর লেখা একটি বই প্রকাশিত হল। 'শ্রী অরবিন্দ ফর ইউ' বইটি মৌ রায়চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গীকৃত৷

স্মৃতিচারণা এবং বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্যম রায়চৌধুরী স্বয়ং। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রকাশক লেখক ত্রিদিব চ্যাটার্জি, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী, সত্যম রায়চৌধুরী এবং মৌ রায়চৌধুরীর পুত্র দেবদূত রায়চৌধুরী, মানসী রায়চৌধুরী, শান্তনু রায়চৌধুরী, এবং টেকনো ইন্ডিয়া পরিবারের সঙ্গে যুক্ত কর্মকর্তারা।

মৌ রায়চৌধুরীর স্মৃতিচারণায় বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্যে উঠে এল কবিতা গান ভালবাসা এবং সকলকে নিয়ে একসঙ্গে চলতে চাওয়া মানুষটির আলোকিত মনন এবং যাপনের কোলাজ।















