নিজস্ব সংবাদদাতা, কলকাতা: দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চে সঙ্গীতশিল্পী শ্যামল মিত্রের স্মরণে আয়োজিত হল সঙ্গীতানুষ্ঠান। ২ ফেব্রুয়ারি, রবিবার আরোহীর উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। নাম ছিল ‘কতটুকু তুমি জানো’। গানে গানে শিল্পীকে শ্রদ্ধা জানালেন তাঁর পুত্র সৈকত মিত্র।
পঞ্চাশ ও ষাটের দশকের বাংলার সবচেয়ে জনপ্রিয় গায়কদের অন্যতম শ্যামল মিত্র। তাঁর কালজয়ী গান আজও বাঙালি শ্রোতাদের কাছে সমান আদৃত। 'আনন্দ আশ্রম' ও 'অমানুষ'-এর মতো জনপ্রিয় ছবির সুরকার হিসাবেও কাজ করেছেন শিল্পী। "আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে" থেকে "নাম রেখেছি বনলতা" একের পর এক গানে আন্দোলিত হয়েছে বাংলা। আকাশবাণীর 'মহিষাসুরমর্দিনী'তে তাঁর "শুভ্র শঙ্খ রবে" আজও পুজোর সময় বাঙালির ঘরে ঘরে বাজে।
এ দিন একের পর গানে সৈকত শ্রোতাদের ফিরিয়ে নিয়ে গেলেন স্বর্ণযুগের স্মৃতিমেদুরতায়। যেমন গাইলেন "কী নামে ডেকে"-র মতো প্রেমের গান তেমনই গাইলেন তাঁর বাবার স্মৃতিতে তৈরি গান "যেখানে যখনই আমি তোমারই গাওয়া গান"। এর আগে সৈকত সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, বহুদিন ধরেই তাঁর ইচ্ছে, শ্যামল মিত্রের নামে একটি সঙ্গীত অ্যাকাডেমি তৈরি করার, যেখানে শিক্ষার্থীরা গান শিখবেন, সঙ্গীত নিয়ে চর্চা করবেন।
















