আজকাল ওয়েবডেস্ক: শীত যত এগিয়ে আসছে ঘরে ঘরে অসুস্থ হওয়ার পরিমাণও বাড়ছে। বহু মানুষ জ্বরে আক্রান্ত হচ্ছেন। কারও ঋতুপরিবর্তনকালীন জ্বর, সর্দি কাশি, পেটের সমস্যা লেগেই থাকছে। কারও আবার জ্বরের কারণ অজানা। ফলে শরীর অসম্ভব দুর্বল হয়ে পড়ছে। কী খেলে রোগের প্রকোপকে কাটিয়ে ইমিউনিটিকে শক্তিশালী করবেন তাই নিয়ে সবাই চিন্তিত। আবার ডায়বেটিক রোগীদের মিষ্টি জাতীয় খাবার একেবারেই চলে না। তাই বাড়িতে তৈরি এই প্রোটিন লাড্ডু রোজ খেলে শুধু ডায়বেটিকরা নয়, সবাই থাকবে সুস্থ ও সবল। জেনে নিন কীভাবে বানাবেন এই লাড্ডু। 

একটি ফ্রাইপ্যানে বিভিন্ন ড্রাই ফ্রুটস অর্থাৎ ৮-১০টি করে আমন্ড বাদাম, কাজু বাদাম, পেস্তা, আখরোট নিন। সঙ্গে হাফ কাপ পরিমাণে পোস্ত ও ফ্লেক্স সিড দিয়ে দিন। পাঁচ মিনিট শুকনো করে হালকা ভেজে নিন। সুগন্ধ ছড়াতে শুরু করলে এক বাটি মাখানা ও হাফ কাপ নারকেল গুঁড়ো দিয়ে দিন। সব উপকরণগুলো আবার ১০ মিনিট অল্প আঁচে নাড়তে থাকুন। একটি প্লেটে নামিয়ে ছড়িয়ে দিন। ব্লেন্ডারে এই সমস্ত উপকরণগুলো দিয়ে দিন। লাড্ডুর স্বাদ বাড়ানো ও দেখতে ভাল লাগার জন্য এক কাপ চকোলেট ফ্লেভার ওটস দিন। সাত আটটি খেজুর দিতে হবে লাড্ডুতে মিষ্টি স্বাদ আনার জন্য। সবশেষে দু'চামচ ভরে পিনাট বাটার দিন। সমস্ত উপকরণগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন একেবারে মিহি করে। হাতের তালুতে লাড্ডুর আকারে গড়ে নিন। 

শীতে এই স্বাস্থ্যকর লাড্ডু খেলে সবাই উপকার পাবেন। ইমিউনিটি নিয়েও চিন্তা করতে হবে না। মাখানা প্রোটিন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার, জিঙ্ক ইত্যাদি পুষ্টিগুণে ভরপুর। ওজন কমানোর পাশাপাশি ত্বকের স্বাস্থ্যও ভালো রাখে।

মাখানার মধ্যে থাকা সোডিয়াম এবং পটাসিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। মাখানা খেলে ঘুমের সমস্যা দূর হয়‌। শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না মাখনা। ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। ত্বকে টানটান ভাব বজায় রাখে, ত্বক উজ্জ্বল করে।