আজকাল ওয়েবডেস্ক: আরও একটি বছর পেরিয়ে গেল। ৩৮ বছরে পা দিলেন লিওনেল মেসি। কোপা আমেরিকা চলায় সতীর্থদের সঙ্গে টিম হোটেলেই আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। বুধবার ম্যাচ। প্রতিপক্ষ চিলি। তবে মেসির জন্মদিনকে কেন্দ্র করে হোটেলেই উৎসবের আমেজ। সোমবার মধ্যরাতে হোটেলেই মেসির জন্মদিন পালন করা হল। সতীর্থদের উপস্থিতিতে কাটলেন বিশাল কেক। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার বন্যা। আগামী বিশ্বকাপে তাঁকে আর নাও দেখা যেতে পারে। সুতরাং, কোপাই হয়তো মেসির ফুটবলজীবনের শেষ বড় আসর। একইসময় তাঁর ৩৭তম জন্মদিন। ৪৮ ঘণ্টা পর গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলেও জন্মদিন পালনে কোনও বাধা দেননি কোচ লিওনেল স্কালোনি। একসময় তিনিও মেসির সতীর্থ ছিলেন। এখন কোচের পাশাপাশি ভক্তও। আধুনিক ফুটবলে দুই রাজার রাজত্ব চলে। এক, লিওনেল মেসি। দ্বিতীয়, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে মেসিকে পছন্দ না করলেও তাঁকে উপেক্ষা করা যাবে না। কাতার বিশ্বকাপের আগে পর্যন্ত বহু তর্ক হয়েছে। বিশ্বফুটবলের মানচিত্রে অনেকেই রোনাল্ডোকে এগিয়ে রাখেন। তবে একটি বিশ্বকাপ পার্থক্য গড়ে দিয়েছে। কাতার বিশ্বকাপের পর এক অন্য সিংহাসনে বসানো হয়েছে মেসিকে। সারা বিশ্বের ফুটবলভক্তের নয়নের মণি হয়ে উঠেছেন আর্জেন্টিনার অধিনায়ক। ৩৬ বছর পর তাঁর হাত ধরে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। আগের কোপা আমেরিকা চ্যাম্পিয়নও মেসিরা। এবারও খেতাব ধরে রাখতে চাইবেন। ইউরো চলাকালীন কিছুটা ফিকে কোপা আমেরিকা। তবে যেটুকু আগ্রহ রয়েছে, সবটাই মেসির জন্য। লাতিন আমেরিকার ফুটবলার ধ্বজা একাই বহন করছেন ফুটবলের রাজপুত্র। এবার কোপা জিতে মেসিকে জন্মদিনের উপহার দিতে চায় সতীর্থরা।