মিল্টন সেন, হুগলি: রেল ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হল দিদিমার। ছিটকে পরে গুরুতর আহত হল দু’বছরের নাতি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১১.৩০ নাগাদ হুগলি রেল স্টেশনে। মৃত প্রৌঢ়ার নাম সন্ধ্যা রাজভর (৪৫)। গুরুতর আহত তাঁর নাতি যশ সিং (২)। মৃতার বাড়ি হুগলি স্টেশন সংলগ্ন আদর্শনগর রেল কোয়ার্টার এলাকায়। এদিন সকালে সন্ধ্যা দেবী তাঁর দুই বছরের নাতি যশ সিংকে কোলে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। সাড়ে এগারোটা নাগাদ একটি রেল ইঞ্জিন হুগলি স্টেশনের দু’নম্বর লাইন দিয়ে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল। লাইন পেরোনোর সময় ইঞ্জিন আসছে তা খেয়াল করেননি প্রৌঢ়া। ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কোলে থাকা নাতি ছিটকে পরে গুরুতর আহত হয়। তাঁকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। প্রৌঢ়ার প্রতিবেশীরা জানিয়েছেন গোষ্ঠীর ঋণ শোধ করতে ব্যাগে করে টাকা নিয়ে যাচ্ছিলেন প্রৌঢ়া। সাতাশ হাজার টাকা ছিল তার ব্যাগে। ঘটনার পর সেই টাকার ব্যাগ পাওয়া যায়নি। নিখোঁজ ব্যাগের খোঁজ চালাচ্ছে পুলিশ।
Death: রেল ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু দিদিমার, গুরুতর আহত নাতি
















