আজকাল ওয়েবডেস্ক: বীরভূমের খয়রাশোলে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। এদিন খয়রাশোলে বিজয়া সম্মেলনী ছিল অনুপম হাজরার। তারপরে সভা করারও কথা ছিল তাঁর। কিন্তু তিনি সভাস্থলে পৌঁছানোর আগেই ভাঙচুর করা হল সভাস্থল। গণ্ডগোল পাকালেন বিজেপি কর্মীরাই। সম্প্রতি, রাজ্য বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন অনুপম হাজরা।

তারই বদলা হিসেবে এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। অনুপম হাজরার একাধিক মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন অনুপম হাজরা। তাঁর মন্তব্যে কেন্দ্রীয় বিজেপির কাছে নালিশ জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। বুধবারের ঘটনায় বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার দিকে আঙুল তুলেছেন অনুপম ঘনিষ্ঠরা।