‌আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা। বৃহস্পতিবার সকালে গণভবনে বৈঠক হয় দু’‌জনের। প্রসঙ্গত, বুধবার সন্ধেয় ঢাকায় পৌঁছন ভারতের বিদেশ সচিব। তিনি দু’‌দিনের সফরে ঢাকায় এসেছেন। গত ২০ এপ্রিল ঢাকায় আসার কথা ছিল ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রার। তবে অনিবার্য কারণে পূর্বনির্ধারিত সেই সফর স্থগিত হয়ে যায়। 
বাংলাদেশ বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, কোয়াত্রা বাংলাদেশের বিদেশ মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করতে পারেন কোয়াত্রা।