আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড চুঁচুড়ার এক কারখানায়। কয়েক ঘণ্টায় পুড়ে ছাই কারখানায় মজুত রাখা লক্ষাধিক টাকার সামগ্রী। যদিও বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের খবর নেই।
পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে চুঁচুড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের চৌমাথা এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই এলাকারই বাসিন্দা নিমাই লাহার বাড়ির দোতলায় একটি স্যানিটারি ন্যাপকিন তৈরির কারখানা আছে। সেই কারখানা থেকে কালো ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন।
এলাকাটি ঘিঞ্জি হওয়ায়, আগুন নিয়ন্ত্রণে আনতেই কয়েক ঘণ্টা পেরিয়ে যায়। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে।
কারখানার মধ্যে তুলো, প্লাস্টিকের মতো জিনিস ছিল। যার ফলে দ্রুত আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশ সূত্রে খবর।