আজকাল ওয়েবডেস্ক: ইডেনে বিশ্বকাপের ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। মেগা রবিবারে হাউসফুল ক্রিকেটের নন্দনকানন। আর ভিড় সামলাতে বন্ধ রাখা হয়েছে একাধিক রাস্তা। ঘুরিয়ে দেওয়া হচ্ছে যানবাহনের পথ। কলকাতা পুলিশের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত গোষ্ঠ পাল সরণিতে বন্ধ থাকবে যান চলাচল।

দক্ষিণ কলকাতা থেকে আগত বাসগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে মেয়ো রোড দিয়ে। উত্তর অথবা পূর্ব কলকাতা থেকে যে বাস আসবে তা সেন্ট্রাল এভিনিউ হয়ে গণেশ চন্দ্র এভিনিউ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাইকও। দক্ষিণ কলকাতা থেকে আগত হাওড়াগামী বাসগুলি হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। তবে এই নিয়ম শুধু ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য নয়, আগামী পাকিস্তান ইংল্যান্ড ম্যাচের দিনও লাগু হবে।