আজকাল ওয়েবডেস্ক:‌ বিপুল পরিমাণ টাকা সহ যাত্রীবোঝাই গাড়ি আটক করল পুলিশ। শুক্রবার রাতে বর্ধমানের তেলিপুকুর এলাকায় নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তল্লাশি চলাকালীন রায়নার দিক থেকে দামোদরের সেতু পার হয়ে একটি চারচাকা গাড়ি বর্ধমান যাচ্ছিল। গাড়িটি আটকায় পুলিশ। গাড়িতে এক শিশু-সহ তিনজন মহিলা ছিলেন। এরপর তল্লাশিতে গাড়ির ডিকি থেকে থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেন পুলিশকর্মীরা। খবর পেয়ে বর্ধমান থানার আইসি–সহ পদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। আরোহীরা দাবি করেন, এটা ব্যবসার টাকা। কিন্তু বিপুল টাকার সঠিক কোনও নথিও তাঁরা দেখাতে পারেননি। পুলিশ গাড়ির আরোহী–সহ সব টাকা থানায় নিয়ে যায়। বিপুল টাকার উৎস জানার চেষ্টা করছে পুলিশ। সঠিক নথি দেখাতে না পারায় গাড়ি–সহ সমস্ত টাকা আটক করা হয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।