আজকাল ওয়েবডেস্ক: ট্রাকে থাকা স্টোভ ফেটে বিপত্তি। অগ্নিকাণ্ডে জখম ট্রাক চালক, খালাসি সহ তিন জন। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। জানা গেছে, সোমবার দুপুরে খরা–হরিপুর রোডের শীতলপুর মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আচমকা আগুন লেগে যায়। আহত হন চালক, খালাসি–সহ তিনজন। ট্রাকের কেবিনে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা ও দাঁড়িয়ে থাকা অন্যান্য ট্রাকের চালক, খালাসিরা। তাঁদের প্রচেষ্টায় বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনবহাল ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের কথায়, ট্রাকের কেবিনের ভিতরে রান্না চলছিল। আচমকা স্টোভ ফেটে কেবিনের ভিতর আগুন লেগে যায়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
Blast: ট্রাকের ভেতরে স্টোভ ফেটে বিপত্তি, আহত তিন















