আজকাল ওয়েবডেস্ক: লিডস টেস্টে দুরন্ত শতরান করে স্যর ডোনাল্ড ব্র্যাডম্যানকে টপকে গেলেন যশস্বী জয়সওয়াল। ১০১ রানের ইনিংস খেলেন তিনি। মারেন ১৬টি চার ও একটি ছয়।
লিডসে তিন তারকা ভারতীয় ক্রিকেটার সেঞ্চুরি হাঁকান। তাদের সৌজন্যে ভারত প্রথম ইনিংসে ৪৭১ রান করে।
জয়সওয়াল শুরুটা করেন। তাঁর সেঞ্চুরি নিয়ে সবাই মাতামাতি করছেন, কিন্তু জয়সওয়ালের দুটো হাতেই যে ক্র্যাম্প ছিল, তার খবর কি কেউ জানেন! জয়সওয়াল বলেন, ''আমার দুটো হাতেই খিঁচুনি ধরেছিল। তবুও আমি ব্যাট করে গিয়েছি। নিজের খেলার উপরে জোর দিয়েছি। নিজেকে প্রয়োগ করেছি বাইশ গজে। শুভমানের সঙ্গে ব্যাটিং উপভোগ করেছি।''
এখনও অবধি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০ ইনিংসে যশস্বীর রান ৮১৩। গড় ৯০.৩৩। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সর্বোচ্চ গড় ছিল ব্র্যাডম্যানের। ৬৩ ইনিংসে ব্র্যাডম্যান করেছিলেন ৫০২৮ রান। গড় ৮৯.৭৮। তা টপকে গেলেন যশস্বী। এই হিসাব ন্যূনতম ৫০০ রান পর্যন্ত করা হয়েছে। যশস্বীই প্রথম ব্যাটার যিনি টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯০ গড় পেরোলেন।
















