আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা 'ভার' কি আশীর্বাদ না অভিশাপ? তার মূল্যায়ন করা কঠিন। ২০২৬ বিশ্বকাপের প্রথম থেকেই 'ভার' নিয়ে প্রশ্ন উঠছে। দাবি, বাড়তি সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা। সেমিফাইনালে পৌঁছে গিয়েছে মেসিরা। ততটাই গাঢ় হচ্ছে 'ভার' নিয়ে বিতর্ক। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচে 'ভার' এর ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠছে। আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে মিশর ছিটকে যাওয়ার পর বিতর্ক আরও বাড়ে। বিপক্ষের কোচ এবং প্লেয়াররা সরাসরি আর্জেন্টিনাকে পক্ষপাতিত্ব করার দাবি তোলে। মিশরের কোচ দাবি করেন, মেসিদের পক্ষে দেওয়া হচ্ছে সমস্ত সিদ্ধান্ত। এরপর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের ব্রিল এমবোলো লালকার্ড দেখে মাঠ ছাড়ার পর বিতর্ক আরও বাড়ে। অনেকেই মনে করেন, এই বিষয়ে 'ভার' এর হস্তক্ষেপ পুরোপুরি অপ্রয়োজনীয় ছিল।

একাধিক ফুটবল বিশেষজ্ঞ এবং ফুটবল পণ্ডিত দাবি করেন, 'ভার' এর সিদ্ধান্ত সবসময় সঠিক হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যাচ্ছে। বলা হচ্ছে, রেফারিংয়ের ক্ষেত্রে একটু বেশিই সমর্থন পাচ্ছে আর্জেন্টিনা। পরিসংখ্যানও কি সেটাই বলছে? নর্থ ইস্টার্ন গ্লোবাল নিউজের একটি পরিসংখ্যানে বলা হয়েছে, এবারের বিশ্বকাপে টেকনোলজি থেকে সবচেয়ে উপকৃত যে দলগুলো হয়েছে, তারমধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের শেষ ষোলো পর্যন্ত একবারও 'ভার' এর সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে যায়নি। বরং, 'ভার' থেকে সবচেয়ে উপকৃত হয়েছে মেক্সিকো। 

বিশ্বকাপের আয়োজক দেশ এই তালিকায় একনম্বরে আছে। দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। তিন নম্বরে রয়েছে পর্তুগাল। চার এবং পাঁচে যথাক্রমে নিউজিল্যান্ড এবং সৌদি আরব। যাদের বিরুদ্ধে 'ভার' এর সিদ্ধান্ত সবচেয়ে বেশি গিয়েছে, সেই তালিকায় একনম্বরে ক্রোয়েশিয়া। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে ইরান ও কাতার। চার এবং পাঁচে জার্মানি ও ইংল্যান্ড। ফিফার দাবি, নিরাপক্ষতা দেখাচ্ছে রেফারিরা। কিন্তু আর্জেন্টিনার নক আউট পর্বের ম্যাচগুলোতে একাধিকবার 'ভার' স্পটলাইটে উঠে এসেছে। সবচেয়ে চর্চিত আর্জেন্টিনা-মিশর ম্যাচ। ০-২ গোলে পিছিয়ে থেকেও ম্যাচ জেতে। একটি সিদ্ধান্ত পার্থক্য গড়ে দেয়। আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে মেসিকে কার্ড দেখানো নিয়েও প্রশ্ন ওঠে। বুধবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ চারের ম্যাচে নামবে আর্জেন্টিনা। এবার সবার নজর থাকবে সেদিকে।