আজকাল ওয়েবডেস্ক:‌ শ্রীলঙ্কাকে হারিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে ভারতের মহিলা ক্রিকেট দল। কিন্তু মহিলাদের টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের রাস্তা এখনও পরিষ্কার নয় হরমনপ্রীতদের সামনে। পাঁচ দলের গ্রুপে ভারত তিন ম্যাচ খেলে দুটি জিতে রয়েছে চার পয়েন্টে। রান রেট অবশ্য এখন অনেকটাই ভাল শ্রীলঙ্কাকে ৮২ রানে হারানোয়। তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড খেলবে আরও দুটো ম্যাচ। যেখানে ভারতের হাতে রয়েছে আর মাত্র একটি ম্যাচ। সেটাও শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। 


আগামী রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ। জিতলে সমস্যা নেই। কিন্তু হেরে গেলে রান রেটের অঙ্ক চলে আসবে যা বেশ জটিল। তাছাড়া অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। অস্ট্রেলিয়াকে হারালে ভারতের পয়েন্ট হবে ৬। অস্ট্রেলিয়ার ইতিমধ্যে পয়েন্ট চার। হাতে দুটো ম্যাচ। ভারতের কাছে হারলে ও অন্যটি জিতলে পয়েন্ট হবে ছয়। আবার নিউজিল্যান্ডের এখন ২ ম্যাচে ২ পয়েন্ট। তাদের বাকি দুটি ম্যাচ দুর্বল শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে। সেই দুটি ম্যাচ জিতলে তাদেরও পয়েন্ট হবে ছয়। তখন নেট রান রেট চলে আসবে। এই মুহূর্তে ভারত আছে ভাল জায়গায়। 


আর অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে গেলে কিন্তু সেমিফাইনালের রাস্তা আরও কঠিন হয়ে যাবে। কারণ নিউজিল্যান্ডের দুই প্রতিপক্ষ বেশ সহজ। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ চারে যাবে। তখন নিউজিল্যান্ডকে বাকি দুটি ম্যাচের একটি হারতেই হবে। নাহলে ভারত চাপে পড়বে। তাছাড়া এখন গ্রুপ লিগে পাকিস্তান আছে তিনে। আর নিউজিল্যান্ড চারে। তাই এই দুই দলের ম্যাচের ফলাফল খুব গুরুত্বপূর্ণ ভারতের ক্ষেত্রে।