আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রেয়াঙ্কা পাতিল। চোটের জন্য দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর ফিরেছিলেন ২৩ বছরের ক্রিকেটার। কিন্তু আবার সেটব্যাক। গ্রুপ এ-তে নেদারল্যান্ড ম্যাচে গোড়ালিতে চোট পান শ্রেয়াঙ্কা। শুক্রবার রাতে বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, চলতি টি-২০ বিশ্বকাপে আর পাওয়া যাবে না কর্নাটকের অলরাউন্ডারকে। যা ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে আনক্যাপড লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে।
বুধবারের ম্যাচে পাওয়ার প্লের শেষ ওভারে চোট পান শ্রেয়াঙ্কা। নিজের প্রথম ওভারে মাত্র একটি বল করেন। বল ধরার সময় ডান পায়ের গোড়ালি মচকে যায়। ব্যথায় কাতরাতে থাকেন। পায়ের ওপর ভর দিয়ে দাঁড়াতে পারেননি। তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
ওভার সম্পূর্ণ করেন শেফালি বর্মা। ভারতের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার হলেও, প্রায়শই চোটের জন্য মাঠের বাইরে থাকেন। এসিএল টিয়ারের জন্য একদিনের বিশ্বকাপে খেলতে পারেননি। প্রায় ১১ মাস মাঠের বাইরে থাকেন। এর আগে আঙুল ভেঙে যাওয়ায় ২০২৪ টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যান। নেদারল্যান্ড ম্যাচে আগেই দীর্ঘদিন মাঠের বাইরে থাকার যন্ত্রণার কথা জানান শ্রেয়াঙ্কা। তার একদিনের মধ্যেই আবার চোট পেয়ে ছিটকে গেলেন আরও একটি বিশ্বকাপ থেকে। রাইজিং স্টার্স উইমেন্স এশিয়া কাপে নজর করেছেন তাঁর পরিবর্ত রাওয়াত। আট উইকেট নেন। ইকোনমি রেট ৪.২৭। বর্তমানে ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ডেই রয়েছেন।
















