আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কূটনৈতিক চাপ এবার গড়াল ক্রীড়াক্ষেত্রে। পাকিস্তান সুপার লিগের সম্প্রচার বন্ধ করে দিল ভারতের জনপ্রিয় স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। যে কারণে এখন থেকে ভারতে আর দেখা যাবে না পাকিস্তান সুপার লিগ।

ফ্যানকোড ইতিমধ্যেই তাদের অ্যাপ এবং ওয়েবসাইট থেকে পিএসএলের সমস্ত লাইভ ম্যাচ, হাইলাইটস ও সমস্ত ভিডিও কনটেন্ট সরিয়ে ফেলেছে। জানা গিয়েছে, বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পিএসএলের হাইলাইটস বা ভিডিও কনটেন্ট দেখতে গেলে ‘403 Forbidden’ বার্তা দেখাচ্ছে ফ্যানকোডে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ফ্যানকোড বা পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

তবে এক প্রতিবেদন অনুসারে, এই সিদ্ধান্ত ভারতের নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে। অন্যদিকে, পহেলগাঁওয়ের ঘটনার পর মঙ্গলবারের আইপিএল ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলায় অংশ নিয়েছিলেন। এমনকি, ম্যাচ শুরুর আগে দু’দলের ক্রিকেটাররা এক মিনিটের নীরবতা পালন করেন। পহেলগাঁও হামলায় নিহতদের স্মরণেই বিশেষ উদ্যোগ নেওয়া হয় বিসিসিআইয়ের তরফে।