আজকাল ওয়েবডেস্ক: মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআইয়ের) কাছে। জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকারের মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বর মাসে। কিন্তু তিনি বোর্ডকে অনুরোধ করেছেন তাঁর মেয়াদ যেন ২০২৭ বিশ্বকাপ অবধি বাড়ানো হয়। কিন্তু বিসিসিআই সূত্রে খবর, এই বিষয়ে বোর্ড একেবারেই তাড়াহুড়ো করতে চাইছে না। সেপ্টেম্বর মেয়াদ শেষ হলে তারপর বিষয়টি ভেবে দেখা হবে।
২০২৩ থেকে নির্বাচক কমিটির চেয়ারম্যান রয়েছেন আগরকার। ২০২৫ সালেই তাঁর মেয়াদ এক বছর বাড়ানো হয়েছিল। যা শেষ হবে আগামী সেপ্টেম্বরে। আগরকারের সময়ে ভারতের আইসিসি ট্রফিতে যথেষ্ট ভাল পারফরম্যান্স। ২০২৪ ও ২০২৬ টি–২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। মাঝে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। এছাড়া এশিয়া কাপেও জিতেছে ভারত। তবে টেস্টে পারফরম্যান্স একেবারেই ভাল নয়।
এই অবস্থায় আগরকার ফের আরও এক বছর মেয়াদ বাড়াতে চাইছেন। কিন্তু নিয়ম অনুযায়ী, চার বছর নির্বাচক বা নির্বাচক প্রধান হিসেবে থাকা যায় না। তাই বিষয়টি সেপ্টেম্বরে আগরকারের মেয়াদ শেষ হওয়ার পরেই আলোচনা করা হবে।
জানা গিয়েছে, ওয়েস্ট জোন থেকে একজন ক্রিকেটার আগরকারের উত্তরসূরি হওয়ার দৌড়ে রয়েছেন। কিন্তু সেই বিষয়টিও আর এগোয়নি। এবার একেবারে সঠিক সময় বিসিসিআইয়ের কড়া নেড়েছেন নির্বাচক প্রধান।
এটা ঘটনা, ২০২০–২১ সালে মুখ্য নির্বাচকের পোস্টে আবেদন করেছিলেন আগরকার। কিন্তু তাঁকে পেছনে ফেলে এগিয়ে যান চেতন শর্মা। ২০২৩ সালে আবার সেই সুযোগ আসে। এবার বোর্ড কর্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়। দিলীপ বেঙ্গসরকার, কৃষ্ণমাচারী শ্রীকান্তের পর নির্বাচক প্রধানদের মধ্যে সবচেয়ে চর্চায় অজিত আগরকার।
