আজকাল ওয়েবডেস্ক: বর্ডার গাভাসকার ট্রফির চতুর্থ টেস্ট জমে গিয়েছে। পঞ্চম দিনের খেলা শুরুর আগে বলা যেতে পারে দুই দলের জয়-হার অথবা ড্র তিনটে ফলাফলই সম্ভব। চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ৩৩৩ রানে। হোম টিমের কাছে সুবিধা একটাই, শেষ দিনের সকালেও তারা কিছুক্ষণ ব্যাট করার সুযোগ পাবে। ফলে, যত খেলা গড়াবে ভারতের কাছে রান তাড়া করার জন্য সময় তত কমবে। চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে অল আউট করতে পারলে রান তাড়া করার জায়গায় থাকত ভারত। তবে ক্যাচ মিস, নো-বলের খেসারত দিতে টিম ইন্ডিয়াকে। শেষ দিনে কত রান তাড়া করতে হবে ভারতকে, তা এখনও স্পষ্ট নয়।

 

 

তবে পরিসংখ্যান বলছে, এমসিজিতে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড রযেছে ইংল্যান্ডের। ১৯২৮ সালে তারা ৩৩২ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করেছিল। এই মাঠে মোট ৩৪ বার সফল ভাবে রান তাড়া করার রেকর্ড রয়েছে। যার মধ্যে ইংল্যান্ড জিতেছে আট বার এবং অস্ট্রেলিয়া ২১ বার। উপমহাদেশের দলগুলোর মধ্যে এমসিজিতে সফল ভাবে রান তাড়ার নজির আছে শুধুমাত্র ভারতের। ২০২০ সালের ডিসেম্বরে ভারত রাহানের নেতৃত্বে ৭০ রানের সহজ লক্ষ্য তাড়া করে আট উইকেটে ম্যাচ জিতেছিল। ২০০০ সালের পর এমসিজিতে ভারত ছাড়া এমসিজিতে সফল ভাবে রান তাড়া করে জিতেছে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকা।

 

 

২০০৮ সালে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করে ৯ উইকেটে ম্যাচ জিতেছিল প্রোটিয়ারা। অন্যদিকে, বর্ডার-গাভাসকার ট্রফির ইতিহাসে মোট ১৯ বার সফল ভাবে রান তাড়ার নজির রয়েছে। যার মধ্যে ১২ বারই রান তাড়া করে জিতেছে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে ভারত দুটি দুশোর বেশি লক্ষ্য এবং একবার তিনশোর বেশি লক্ষ্য তাড়া করে জিতেছে। বর্ডার-গাভাসকার ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে ২০২১ সালের জানুয়ারিতে ব্রিসবেন টেস্টে। সেই ম্যাচে ভারত ৩২৮ রানের বিশাল লক্ষ্য সফলভাবে তাড়া করেছিল। মেলবোর্নে চলতি এই টেস্টও কি এমনই কোনও ইতিহাসের জন্ম দেবে? সকলের নজর এখন সেদিকেই।