আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আইসিসি। তবে যা পরিস্থিতি তাতে হাইব্রিড মডেলেই হবে টুর্নামেন্ট। অর্থাৎ ভারত খেলবে দুবাইয়ে। সেমিফাইনাল বা ফাইনালে ভারত উঠলে খেলা হবে পাকিস্তানের বাইরে অর্থাৎ দুবাইয়ে। আপাতত এরকমই ঠিক আছে।
তবে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আক্রামের বিশ্বাস গোটা টুর্নামেন্টই হবে তাদের দেশে। সম্প্রতি একটি ইভেন্টে গিয়েছিলেন আক্রাম। সেই অনুষ্ঠানে তিনি বলেন, ‘এবার চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হচ্ছে। টুর্নামেন্ট আয়োজন করার জন্য তৈরি পাকিস্তান।’
আক্রাম বললেও গোটা টুর্নামেন্ট পাকিস্তানে হওয়া নিয়ে সংশয় থাকছে। কারণ ভারতই জানিয়ে দিয়েছে পাকিস্তানে খেলতে যাবে না। নিরাপত্তাই মূল কারণ। ভারত চায় হাইব্রিড মডেলে হোক টুর্নামেন্ট। আর প্রাথমিকভাবে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা সমাধানে এসেছে যে ২০২৭ অবধি আইসিসি টুর্নামেন্ট হোক হাইব্রিড মডেলে। অর্থাৎ ভারত যেমন পাকিস্তানে যাবে না। তেমনি পাকিস্তানও ভারতে আসবে না খেলতে। নিরপেক্ষ দেশে খেলবে। যদিও বিসিসিআই এই বিষয়ে উল্লেখযোগ্য কিছু বলেনি।
এখন আক্রামের দাবির পর তাই প্রশ্ন থেকেই যাচ্ছে। সুলতান অফ সুইং আশাবাদী হলেও পাকিস্তানে গোটা টুর্নামেন্ট হওয়া নিয়ে থাকছে যথেষ্ট সংশয়।
















