আজকাল ওয়েবডেস্ক: ভারতের সিনিয়র দলে খেলতে আর বাধা রইল না বৈভব সূর্যবংশীর। ২৭ মার্চ ১৫ বছরে পড়ল বৈভব। নিয়ম অনুযায়ী, ১৫ বছর না হলে সিনিয়র দলে খেলা যায় না। ফলে এখন আর বৈভবের টিম ইন্ডিয়ার সিনিয়র দলে খেলা নিয়ে কোনও বাধা রইল না।
অনূর্ধ্ব–১৯ দলে ইতিমধ্যেই খেলে ফেলেছে বৈভব। বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছে। ভারত ‘এ’ দলের হয়েও খেলেছে। এবার সিনিয়র দলে খেলারও যোগ্যতা অর্জন করে ফেলল বৈভব।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ২০২০ সালের নিয়ম অনুযায়ী, ১৫ বছর বয়স না হলে সিনিয়র দলের হয়ে খেলা যায় না। সে কারণেই এতদিন পর্যন্ত বৈভবকে সিনিয়র ভারতীয় দলে নির্বাচন করার সুযোগ ছিল না। ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে খেলার নজির রয়েছে শচীন তেন্ডুলকারের। ১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছিল শচীনের। এদিকে, ভারতীয় দলে খেলার ছাড়পত্র পেয়ে যাওয়ায় শচীনের রেকর্ডও ভেঙে দিতে পারে বৈভব।
প্রসঙ্গত, সবচেয়ে কম বয়সে সিনিয়র দলে খেলার রেকর্ড রয়েছে পাকিস্তানের হাসান রাজার। ১৯৯৬ সালে ১৪ বছর ২২৭ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। রাজার এই বিশ্বরেকর্ড ভাঙতে পারবে না বৈভব। তখন অবশ্য ১৫ বছরের নিয়মটি আনেনি আইসিসি। আর তারা এই নিয়ম পরিবর্তন না করলে রেকর্ডটি অক্ষত থেকে যাবে।
এটা ঘটনা, ইতিমধ্যেই সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে বৈভবের। কারণ গতবারই আইপিএল খেলে ফেলেছে বৈভব। রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফির মতো প্রতিযোগিতায় খেলে ফেলেছে বৈভব। আইপিএলে শতরানও রয়েছে বৈভবের। এবার সূর্যদের সঙ্গে একই ড্রেসিংরুমে থাকার সুযোগও পেয়ে গেল বৈভব।















