আজকাল ওয়েবডেস্ক: রবিবার ইডেনে কার্যত টি-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। ভারতের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ। তার আগে আবার চর্চায় পিচ। বরাবরই ইডেনের উইকেট খবরের শিরোনামে থাকে। এবারও অন্যত্র নয়। তবে ভক্তদের জন্য সুখবর। রানের বন্যা বইতে পারে ক্রিকেটের নন্দনকাননে। ভারত-ওয়েস্ট ম্যাচ ইডেনের সেই পিচে খেলা হবে যেখানে চলতি টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ড ২০০ রান করেছিল। এই উইকেটে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলা হয়েছিল। ম্যাচটা ছিল ইতালি এবং স্কটল্যান্ডের মধ্যে। এমনই ইঙ্গিত দেন পিচ কিউরেটর সুজন মুখার্জি। শুক্রবার সন্ধেয় পিচ এবং আউটফিল্ড ঢাকা ছিল। তার আগে বিকেলে পিচ পর্যবেক্ষণ করেন সৌরভ গাঙ্গুলি। মাঠে দাঁড়িয়েই সুজন মুখার্জি, বোর্ডের প্রধান পিচ কিউরেটর আশিস ভৌমিকের সঙ্গে কথা বলে সিএবির সভাপতি। 

দুই প্রান্ত থেকে পিচ পরীক্ষা করে দেখেন সৌরভ। সুজন মুখার্জি বলেন, 'পিচ প্রস্তুতি দেখে সৌরভ খুশি। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে এই পিচ ব্যবহার করা হয়েছিল। ইডেনের উইকেট যেমন হয়, তেমনই থাকছে। প্রচুর রান আছে। পাশাপাশি বোলাররাও সাহায্য পাবে।' সন্ধের পর শিশিরের সম্ভাবনা উড়িয়ে দেননি ইডেনের পিচ কিউরেটর। এই পিচে ইতালির বিরুদ্ধে স্কটল্যান্ড দুশোর বেশি রান তোলে। ৪ উইকেটে ২০৭ রান তুলেছিল স্কটরা। জবাবে ১৩৪ রানে অলআউট হয়ে যায় ইতালি। অফ স্পিনার মাইকেল লিসেক ম্যাচের সেরা হন। ১৭ রানে তুলে নেন ৪ উইকেট। 

রবিবার ইডেনের পিচও সুখনো থাকবে। যার ফলে স্পিন মুখ্য ভূমিকা নিতে পারে। তবে বিশ্বকাপের অন্যান্য ম্যাচে ইডেনের পিচে বাউন্স‌ ছিল। বিশেষ করে ইংল্যান্ডের ম্যাচে সেটা নজরে পড়ে। পরিবেশ উপভোগ করেন জোফ্রা আর্চার। যশপ্রীত বুমরা এবং অর্শদীপ সিংও সেটা কাজে লাগানোর চেষ্টা করবে। চলতি বিশ্বকাপে ইডেনে প্রথম ম্যাচ খেলবে ভারত। সেখানে কিছুটা সুবিধা পাবে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের দুটো ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে সাই হোপ, সিমরন‌ হেটমেয়াররা। স্কটল্যান্ড এবং ইতালির বিরুদ্ধে দুটো ম্যাচই জেতে। রবিবার বিশ্বকাপের নকআউট ম্যাচে সূর্যকুমাররা খেতাব জয়ের স্বপ্ন ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।