আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানে সবই সম্ভব। লাইভ শোয়ে লেগে গেল দুই ক্রিকেটারের মধ্যে। সিনিয়রদের সম্মান দিতে জানেন না পাকিস্তানের অনুজ ক্রিকেটাররা। বর্ষীয়ান ক্রিকেটারকে কড়া ভাষায় শাদাব খান আক্রমণ করায় ছেড়ে কথা বললেন না আহমেদ শেহজাদ। টিভির লাইভ শোয়ে আহমেদ শেহজাদ তীব্র ভাষায় আক্রমণ করে বসেন শাদাব খানকে।
আহমেদ শেহজাদ বলেন, ''প্রথমত তুমি পিছনের দরজা দিয়ে ঢুকেছো। তুমি মোটেও পারফরমার নও, এমনকী ঘরোয়া ক্রিকেটেও তুমি নিয়মিত নও। পারফরম্যান্স না থাকলেও তুমি সমর্থন পেয়ে গিয়েছো। চোট পাওয়ার পরে তুমি রিহ্যাবও করোনি। হাসান আলিকে কেন্দ্রীয় চুক্তি থেকে বহিষ্কার করা হয়। কিন্তু তোমাকে বাদ দেওয়া হয়নি। এটাকে যদি ফেভারিটিজম না বলা হয়, তাহলে কোনটাকে বলা হবে। এই ধরনের মন্তব্য করলে খারাপই লাগে। তুমি যদি নব্বইয়ের দলের সঙ্গে নিজের তুলনা কর, তাহলে ভুলই করবে। ওরা বিশ্বকাপে ভারতের কাছে হার মেনেছে তবে তোমার থেকে ওরা অনেকাংশে ভাল ছিল। ওদের পারফরম্যান্সের দিকে লক্ষ্য রাখো। সেই সময়ে ভারতের উপরে আধিপত্য বিস্তার করেছিল ওরা। দু'জন প্রাক্তন ক্রিকেটার তোমার সমালোচনা করছে, আর তোমাকে কতটা সমর্থন করা হয়েছে, সেটা তুমি ভুলে গেলে?''
শাদাবের এহেন মন্তব্য ভাল ভাবে নেননি মহম্মদ আমির ও রশিদ লতিফ। মহম্মদ আমির বলেন, ''সফর চলাকালীন সমালোচনা হতেই পারে। সফর চলাকালীন এহেন মন্তব্য করা উচিত নয়। সফর করার সময়ে আমাদেরও সমালোচনা করা হত। তবে আমাদের ফোকাস একটাই ছিল-- পারফরম্যান্স দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করা। তুমি পারফরম্যান্স করতে না পারলে চুপ করে থাকাই উচিত।''
রশিদ লতিফ আবার ব্যঙ্গ করে শাদাব খানের উদ্দেশে বলেন, ''শাদাবের সাহস আছে বলতে হবে। সবারই বলার অধিকার রয়েছে। শাদাব যা বলেছে ঠিক আছে।''
