আজকাল ওয়েবডেস্ক: ভারত না সঞ্জু স্যামসন? কার কাছে হারলেন। মুচকি হাসি হাসলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাই হোপ। তারপর বললেন, 'মনে হয় সঞ্জু টিম ইন্ডিয়ার অঙ্গ।' ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক দাবি করেন, পরের দিকে শিশিরের জন্য ব্যাটিং তুলনায় সহজ হয়ে যায়। যার ফায়দা তোলেন সঞ্জু। তবে কোনওভাবেই ভারতীয় উইকেটকিপার ব্যাটারের কৃতিত্ব খাটো করেননি। সাই হোপ বলেন, 'ইডেনের উইকেট ভাল ছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং সহজ হয়ে যায়। তবে সঞ্জুর কৃতিত্ব খাটো করব না। ও ভাল প্লেয়ার। এতবছর ধরে একটানা খেলছে। ওকে কৃতিত্ব দিতেই হবে। ও খুব পরিকল্পনা মাফিক ইনিংস সাজিয়েছে। বুদ্ধিদীপ্ত, অঙ্ক কষা ক্রিকেট। ওর পারফরম্যান্স এ প্লাস।'
আগের দিনই সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, ইডেনের উইকেটে ২০০ রান হবে। এদিন কমপক্ষে ২৫-৩০ রান কম হয় ওয়েস্ট ইন্ডিজের। যার দায় ক্যারিবিয়ান ওপেনারদের। শুরুতে সাই হোপের অত্যধিক মন্থর ব্যাটিং। যায় ফলে পাওয়া প্লের ফায়দা তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এটাকে হারের অন্যতম কারণ হিসেবে ধরছেন ক্যারিবিয়ান অধিনায়ক। দায় নিজের কাঁধে তুলে নেন। হোপ বলেন, 'আমি হারের দায় নিজের কাঁধে নেব। ব্যাট করার সময় গতি আরও বাড়ানো উচিত ছিল। আজকে আমি সুবিধা করতে পারিনি। নামার পর থেকে প্রত্যেক বলে মারতে পারলে ভাল হত। কিন্তু পারিনি। ওরা ভাল বল করেছে। অধিনায়কের সামনে থেকে নেতৃত্ব দেওয়া উচিত ছিল। কিন্তু সেটা এদিন হয়নি।'
পাওয়ার প্লে কাজে না লাগাতে পাড়ার আফশোস কুড়ে কুড়ে খাচ্ছে হোপকে। জানান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাওয়ার প্লের ফায়দা তুলতে গিয়ে দ্রুত ৫-৬ উইকেট হারায় তাঁরা। তাই এদিন শুরুর দিকে কিছুটা সংযত দেখায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের। তবে তাঁদের আরও দ্রুত রান তোলার চেষ্টা করা উচিত ছিল। টস হারের ভাগ্যকেও দুষলেন ক্যারিবিয়ান অধিনায়ক। দাবি করেন, ইডেনের মতো স্টেডিয়ামে টসে জেতা গুরুত্বপূর্ণ। কারণ ক্রিকেটের নন্দনকাননে রান তাড়া করে জেতার নজির একাধিক। হারের ফলে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ। দশ বছর আগে এই ইডেনেই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ জেতেন ড্যারেন স্যামিরা। ম্যাচের নায়ক ছিলেন কার্লোস ব্রেথওয়েট। কিন্তু এবার খালি হাতেই ক্যারিবিয়ানদের ফেরাল ইডেন। জয়ের ফলে সেমিফাইনালে ভারত। সূর্যকুমারদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
