আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে অঘটন। টুর্নামেন্টের একনম্বর দল বিদায় নিয়েছে। নিউজিল্যান্ডের কাছে যে দক্ষিণ আফ্রিকা হারবে, তার ভবিষ্যদ্বাণী কোনও ক্রিকেট পণ্ডিত করতে পারেনি। তাও আবার একপেশে বিশ্রী হার। ৯ উইকেটে আইডেন মার্করামদের হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবে মিচেল স্ট্যান্টনাররা। এদিনও কি অঘটন অপেক্ষা করছে? ওয়াংখেড়ে স্টেডিয়াম একটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকবে।
কার্যত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শেষ চারের ছাড়পত্র সংগ্রহ করে নিয়েছে ভারত। তবে সঞ্জু স্যামসন ছাড়া ব্যাট হাতে কেউ নজর কাড়তে পারেনি। ব্যাটিং উন্নতির লক্ষ্য থাকবে টিম ইন্ডিয়ার। কিন্তু প্রশ্ন হল, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কোন দল ফাইনালে যাবে? সমর্থকদের জন্য সুখবর, বৃহস্পতিবার মুম্বইয়ে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। ম্যাচ চলাকালীন তাপমাত্রা ৩২ ডিগ্রির কাছাকাছি থাকবে। অর্থাৎ, পুরো ম্যাচ হবে। শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। যার ফলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। যার প্রভাব পড়ে পয়েন্ট টেবিলে। কিন্তু বৃহস্পতি সন্ধেয় সেই সম্ভাবনা একেবারেই নেই।
নকআউট ম্যাচে ইংল্যান্ডের দুই স্পিনার আদিল রশিদ এবং লিয়াম ডসনকে নিয়ে ভাবতে হবে ভারতীয় ব্যাটারদের। দু'জনেই যথাক্রমে ১১ এবং ১০ উইকেট নেয়। বিশ্বকাপের ফেভারিট হলেও, কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে এখনও তেমনভাবে নিজেদের মেলে ধরতে পারেনি সূর্যকুমার যাদবরা। ওপেনিংয়ে ডান হাতি-বাঁ হাতি কম্বিনেশন করতে সঞ্জু স্যামসনকে ফেরানো হয়। যা প্রবলভাবে কাজে দিয়েছে। দেশের জার্সিতে দশ বছরের বেশি অভিষেক হওয়ার পর ইডেনে ম্যাচ উইনিং পারফরম্যান্সের উপহার দেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৭ রানে অপরাজিত থাকেন। সেই ইনিংসের পর সঞ্জুর আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। বিশ্বকাপ শুরুর আগে কেরিয়ারের সেরা ফর্মে ছিলেন অভিষেক শর্মা। কিন্তু টুর্নামেন্টে ডাহা ফ্লপ। একমাত্র জিম্বাবোয়ে ম্যাচে ছাড়া বাকিতে রান নেই। তারমধ্যে রয়েছে শূন্যের হ্যাটট্রিক। তবে ওয়াংখেড়েতে রানে ফিরতে মরিয়া থাকবেন। গতবছর ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ ছন্দে ছিলেন। টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ রানের ইনিংস খেলেন। সেই ছন্দ ফিরে পেতে মরিয়া থাকবেন অভিষেক।
