আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ডের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান। তার পরই পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে একহাত নিয়েছেন ইমাদ ওয়াসিম।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ছন্দে নেই বাবর। ২৪ বলে ২৫ রান করে ফিরে যেতে হয়েছে বাবর আজমকে। রান না পাওয়ায় পাক তারকাকে প্রবল কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে। জিও নিউজ-এ কথা বলার সময়ে ইমাদ বলেছেন, বড় ম্যাচে নিরাশ করে চলেছে বাবর। যদিও টিম ম্যানেজমেন্ট সবসময়েই তাঁর পাশে রয়েছে।
ইমাদ ওয়াসিম মনে করেন, বাবরকে আরও দায়িত্বশীল হতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে পারফরম্যান্সের পরে বাবরকে 'ক্রিমিনাল' বলে উল্লেখ করেছেন ইমাদ ওয়াসিম।
তিনি বলছেন, ''আর কতগুলো ম্যাচে এভাবে ঝোলাবে? ২৪ বল খেলার পরে এভাবে যদি আউট হও, তা হলে তো বলতে হবে ক্রিমিনাল। অত্যন্ত সিনিয়র প্লেয়ার। ভারতের বিরুদ্ধেও একই কাজ করেছে। ওর বিরুদ্ধে ব্যক্তিগত কোনও অ্যাজেন্ডা আমাদের নেই। কিন্তু টিম মিটিংয়ে কী হয় তা জানতে আমি কৌতূহলী। ও কি হাত তুলে নিজের ভুল স্বীকার করে নেয়?''
বাবরের বিরুদ্ধে আরও অভিযোগ ইমাদের। তিনি বলছেন, ''শাহিবজাদা ভাল খেলে যাচ্ছে। একমাত্র ফর্মে থাকা ব্যাটার ও। বাবর চতুর্থ ওভারে ব্যাট করতে এসেছিল একাদশ ওভারে নয়। হ্যারি ব্রুকস যেভাবে দলকে জিতিয়েছে, সেভাবে আর কবে জেতাবে বাবর? ২০১৯ বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ইনিংস ছাড়া আর ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ইনিংস ছাড়া আর স্কোর কোথা বাবরের।''
সুপার এইটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। আর ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেই গেল। ফলে সেমিফাইনালে যাওয়া কঠিনতর হয়ে গেল পাকিস্তানের জন্য। পাকিস্তানের ব্যর্থতার দিনে বাবর আজমকে তীব্র সমালোচনায় বিঁধলেন ইমাদ।
